ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী–বাবুগঞ্জ) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। নির্বাচনী ব্যয় নির্বাহের জন্য ভোটার ও শুভানুধ্যায়ীদের কাছে আর্থিক সহায়তা চেয়ে ফেসবুকে আহ্বান জানিয়ে মাত্র তিন দিনে তিনি ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা অনুদান পেয়েছেন। বুধবার রাতে নিজের ফেসবুক পেজে তিনি এ তথ্য প্রকাশ করেন।
তিনি জানান, আসনটির ভোটার সংখ্যার ভিত্তিতে নির্বাচন কমিশন নির্ধারিত তার সর্বোচ্চ নির্বাচনী ব্যয়ের সীমা ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। দেশ-বিদেশ থেকে যারা অনুদান পাঠিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, নির্বাচন কমিশন বা সরকারের যেকোনো আর্থিক নিয়ন্ত্রক সংস্থা অনুদান যাচাই করতে চাইলে তিনি পূর্ণ সহযোগিতা করবেন।
ফেসবুক পোস্টে ব্যারিস্টার ফুয়াদ উল্লেখ করেন, ৭ জানুয়ারি রাত পর্যন্ত বিকাশের মাধ্যমে তিনি পেয়েছেন ১৯ লাখ ২৩ হাজার ৫৫২ টাকা, নগদের মাধ্যমে ২ লাখ ৩৫ হাজার ৫৬ টাকা এবং ব্যাংক হিসাবে জমা হয়েছে ১৮ লাখ ৭ হাজার ৯৪৮ টাকা। সব মিলিয়ে মোট অনুদানের পরিমাণ দাঁড়িয়েছে ৩৯ লাখ ৬৬ হাজার ৫৫৬ টাকা।
তিনি আরও জানান, মুলাদী ও বাবুগঞ্জ উপজেলায় মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩২ হাজার ১০১ জন। নির্বাচন কমিশনের বিধিমালা অনুযায়ী জনপ্রতি ১০ টাকা হিসেবে নির্বাচনী ব্যয়ের সর্বোচ্চ সীমা নির্ধারিত হয়েছে ৩৩ লাখ ২১ হাজার ১০ টাকা। অতিরিক্ত অনুদানের বিষয়ে নির্বাচন কমিশনের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানান তিনি। স্বচ্ছতা নিশ্চিত করতে অনুদানসংক্রান্ত সব নথি নির্বাচন পর্যন্ত নিরীক্ষার আওতায় রাখা হবে এবং পরবর্তীতে নির্বাচন কমিশনে জমা দেওয়া হবে।
সূত্রঃ ইত্তেফাক
