ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ উপেক্ষা করে আমদানিনির্ভর কাঠামো তৈরি করেছিল

মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে দেশীয় জ্বালানি সম্পদকে উপেক্ষা করে আমদানিনির্ভর জ্বালানি ব্যবস্থা গড়ে তোলা হয়েছিল।

মঙ্গলবার (১২ মে) দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে স্থানীয় সংসদ সদস্য, বড়পুকুরিয়া কয়লাখনি, তাপবিদ্যুৎকেন্দ্র ও মধ্যপাড়া পাথরখনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

জ্বালানিমন্ত্রী বলেন, গত ১৭ বছর ধরে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদ ব্যবহারে গুরুত্ব না দিয়ে আমদানিনির্ভর নীতি অনুসরণ করেছে। বর্তমান সরকার জনগণের সম্পদ জনগণের কল্যাণে কাজে লাগাতে চায় বলেও উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, দেশের উন্নয়নের জন্য জ্বালানি খাত সবচেয়ে গুরুত্বপূর্ণ। নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও বিদেশ থেকে জ্বালানি আমদানির প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলে তিনি জানান, সরকার সবাইকে সঙ্গে নিয়ে দেশীয় জ্বালানি সম্পদ আহরণ ও তা উন্নয়নের কাজে ব্যবহারের পরিকল্পনা করছে।

মন্ত্রী আরও বলেন, দেশের নিজস্ব সম্পদকে কাজে লাগিয়ে কীভাবে উন্নয়নের গতি বাড়ানো যায়, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র পূর্ণ সক্ষমতায় উৎপাদনে যেতে না পারার বিষয়ে তিনি বলেন, আগের সরকারের সময়েই এ সমস্যার সৃষ্টি হয়েছে। তবে বর্তমান সরকার তিনটি ইউনিট একসঙ্গে চালুর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *