পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর হামলায় ওসিসহ পাঁচ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

পদ্মা নদীতে টহলরত নৌ পুলিশের ওপর অজ্ঞাত সন্ত্রাসীদের আকস্মিক হামলায় ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ এপ্রিল) দিবাগত রাত ১টা ১০ মিনিট থেকে ১টা ৫০ মিনিটের মধ্যে কুষ্টিয়ার হরিপুর এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিয়মিত টহলের সময় ঈশ্বরদীর লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির একটি দল পদ্মার কুষ্টিয়া অংশে পৌঁছালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে হামলা চালায়। এতে উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হয়।

এ ঘটনায় লক্ষীকুন্ডা নৌ ফাঁড়ির ইনচার্জ খন্দকার শফিকুল ইসলামসহ মোট পাঁচজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হন। আহত অন্যরা হলেন— ইনামুল হক, শাহিনুর হক, নাজমুল হাসান ও মানিক মিয়া।

পরে আহতদের দ্রুত উদ্ধার করে পাবনা সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বর্তমানে সবাই চিকিৎসাধীন রয়েছেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মো. মশিউর রহমান জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *