দেশে জ্বালানি সংকটের সমাধান না হলে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
সোমবার (১১ মে) রাজধানীর বনানীতে পিআরআই আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।
আশিক চৌধুরীর মতে, বিদেশি বিনিয়োগ আকর্ষণ করা শুধু বিডার একক দায়িত্ব নয়। সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা ও অভ্যন্তরীণ জটিলতার কারণেই বিনিয়োগ পরিবেশ বাধাগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, জ্বালানি খাতে স্থিতিশীলতা নিশ্চিত করতে না পারলে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে আস্থা তৈরি করা কঠিন হবে। পাশাপাশি আসন্ন বাজেটে কর্মসংস্থান সৃষ্টিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলেও জানান তিনি।
সেমিনারে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি এ এইচ এম সফিকুজ্জামান বলেন, দেশে ব্যবসা পরিচালনাকে যেন অপরাধ হিসেবে দেখা হয়। সৎভাবে ব্যবসা করার জন্য প্রয়োজনীয় পরিবেশ নেই এবং এর জন্য তিনি আমলাতান্ত্রিক জটিলতাকে দায়ী করেন।
তিনি আরও বলেন, সরকার প্রতিবছর ৬ থেকে ৮ হাজার কোটি টাকা নগদ প্রণোদনা দিচ্ছে। তবে এই অর্থ ব্যয়ের পরিবর্তে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার দিকেই বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন।
সূত্রঃ ইত্তেফাক
