দেশের অগ্রযাত্রায় নির্বাচিত সরকার অপরিহার্য: মির্জা ফখরুল
দেশকে এগিয়ে নিতে একটি নির্বাচিত সরকারের প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, সংস্কারের মধ্য দিয়েই বিএনপির জন্ম। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। দেশের যেসব ইতিবাচক পরিবর্তন হয়েছে, সেগুলোর পেছনে বিএনপিরই ভূমিকা রয়েছে।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ‘মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, কিছু রাজনৈতিক দল নানা অজুহাতে নির্বাচন পেছানোর চেষ্টা করছে। কিন্তু দেশের মানুষ আর সেই পুরোনো রাজনীতির ফাঁদে পা দেবে না।
তিনি আরও বলেন, আমরা এমন এক সময়ে আছি, যখন গত ১৫ বছরের ফ্যাসিবাদী শাসন দেশের রাজনীতি ও অর্থনীতিকে ধ্বংসের মুখে ফেলেছে। বর্তমান অন্তর্বর্তী সরকার একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চেষ্টা করছে—আমরা সেটিতে সহযোগিতা করছি। সেই নির্বাচনের মাধ্যমে দেশকে আবারও সঠিক পথে ফিরিয়ে আনা সম্ভব হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বগুণের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, মানুষকে সংগঠিত ও অনুপ্রাণিত করার অসাধারণ ক্ষমতা ছিল জিয়াউর রহমানের। জাতি গঠনে তিনি অনন্য ভূমিকা রেখেছেন। কিন্তু আওয়ামী লীগ তার নাম ইতিহাস থেকে মুছে ফেলতে চেয়েছিল। ক্ষণজন্মা মানুষকে কখনোই মুছে ফেলা যায় না। ইতিহাস তাকে ধারণ করেছে। আজ তারেক রহমানও সেই আদর্শের পথেই এগিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, গ্রন্থ সম্পাদক ও কবি আবদুল হাই শিকদার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাবেক রাষ্ট্রদূত ড. আনোয়ার উল্লাহ চৌধুরী, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক ডা. মওদুদ আলমগীর পাভেল এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন প্রমুখ।
সূত্রঃ একুশে
