৯ হত্যা মামলায় তাপস-নানকসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন

মোহাম্মদপুরে ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, জাহাঙ্গীর কবির নানকসহ ২৮ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। মামলায় ৯ জনকে হত্যার ঘটনায় তিনটি অভিযোগ আনা হয়েছে।

রোববার (১০ মে) চেয়ারম্যান বিচারপতি গোলাম মতুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন। একই সঙ্গে আগামী ৮ জুন সূচনা বক্তব্য উপস্থাপনের দিন ধার্য করা হয়েছে।

রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম।

মামলায় মোট আসামি ২৮ জন। এর মধ্যে চারজনকে আদালতে হাজির করা হয়। তারা হলেন নিষিদ্ধ ছাত্রলীগের মোহাম্মদপুর থানা শাখার সভাপতি নাঈমুল হাসান রাসেল, সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, ওমর ফারুক ও ফজলে রাব্বি। সকালে কারাগার থেকে তাদের ট্রাইব্যুনালে আনা হয়। বাকি ২৪ আসামি, যার মধ্যে তাপস ও নানকও রয়েছেন, বর্তমানে পলাতক।

প্রসিকিউশনের পক্ষ থেকে মামলায় তিনটি অভিযোগ উপস্থাপন করা হয়। এতে ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাইয়ের ঘটনাপ্রবাহ, বিভিন্ন স্থানে সংঘটিত সহিংসতার বর্ণনা এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে শেখ ফজলে নূর তাপসের ফোনালাপের বিষয়ও উল্লেখ করা হয়। এছাড়া অন্য আসামিদের উপস্থিতির ভিডিওচিত্র রয়েছে বলেও ট্রাইব্যুনালকে জানানো হয়েছে।

প্রসিকিউশনের দাবি, তাদের কাছে পর্যাপ্ত তথ্য-প্রমাণ রয়েছে। সে কারণেই ২৮ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আবেদন করা হয়।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ১৮ ও ১৯ জুলাই ছাত্র-জনতার আন্দোলন দমনে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নৃশংস হামলা চালায়। আসামিদের উসকানি, প্ররোচনা ও প্রত্যক্ষ-পরোক্ষ অংশগ্রহণে আন্দোলনরত সাধারণ ছাত্র-জনতার ওপর গুলি চালানো হয়। এতে মাহমুদুর রহমান সৈকত, ফারহান ফাইয়াজসহ ৯ জন নিহত এবং আরও অনেকে আহত হন।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *