ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হিসেবে সাদিক কায়েমের নাম ঘোষণা করেছে জামায়াত।

ঢাকা মহানগর দক্ষিণ বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক কর্মী সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হিসেবে সাদিক কায়েম-এর নাম ঘোষণা করা হয়েছে। তিনি বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু)-এর সহ-সভাপতি (ভিপি) হিসেবে দায়িত্ব পালন করছেন।

শুক্রবার (১ মে) সকালে রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ কাউন্সিল হলে আয়োজিত থানা ও বিভাগীয় দায়িত্বশীলদের সম্মেলনে এই ঘোষণা আসে। সম্মেলনে উপস্থিত ছিলেন সাদিক কায়েম নিজেও।

দলীয় সূত্র জানিয়েছে, প্রার্থিতার বিষয়ে সিদ্ধান্ত চূড়ান্ত হলেও আনুষ্ঠানিক ঘোষণা আগামী দুই-এক দিনের মধ্যে দলীয়ভাবে দেওয়া হতে পারে। তবে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেননি সাদিক কায়েম।

নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে তিনি ইতোমধ্যে তার জাতীয় পরিচয়পত্র খাগড়াছড়ি থেকে ঢাকায় স্থানান্তর করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। এখনো বড় পরিসরে প্রচারণা শুরু না করলেও তিনি নিয়মিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রাখছেন এবং সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

এদিকে, দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের জানিয়েছেন, ঢাকার উত্তর ও দক্ষিণ—উভয় সিটি করপোরেশনের জন্যই প্রার্থী চূড়ান্ত করা হয়েছে এবং খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করা হবে।

ছাত্ররাজনীতি থেকে উঠে আসা তরুণ নেতা সাদিক কায়েমকে ঘিরেই ঢাকা দক্ষিণ সিটির নির্বাচনে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছে জামায়াত। দলটির শীর্ষ নেতৃত্ব মনে করছে, তার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে নির্বাচনে ভালো ফল অর্জন করা সম্ভব। আনুষ্ঠানিক ঘোষণার পর তিনি পূর্ণোদ্যমে প্রচারণা শুরু করবেন বলে ধারণা করা হচ্ছে।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *