মাত্র ৪ রানের ব্যবধানে ৩ উইকেট নিয়ে ম্যাচে দারুণভাবে ঘুরে দাঁড়ালো বাংলাদেশ।

মিরপুর টেস্টের নিয়ন্ত্রণ একসময় পুরোপুরি পাকিস্তানের হাতেই ছিল। মাত্র এক উইকেট হারিয়ে তারা সহজেই দুইশ রানের গণ্ডি পেরিয়ে যায়। তবে তৃতীয় দিনের শুরুতে সেঞ্চুরিয়ান আজান আওয়াইসকে ফিরিয়ে গুরুত্বপূর্ণ ব্রেকথ্রু এনে দেন তাসকিন আহমেদ। এরপর ২২৬ থেকে ২৩০ রানের মধ্যেই আরও তিন পাকিস্তানি ব্যাটারকে সাজঘরে ফেরান তাসকিন ও মেহেদী হাসান মিরাজ। তাতেই ম্যাচে দারুণভাবে ফিরে আসে বাংলাদেশ।

দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের সংগ্রহ ছিল ১ উইকেটে ১৭৯ রান। রোববার (১০ মে) তৃতীয় দিনে ২১ বছর বয়সী অভিষিক্ত ব্যাটার আজান আওয়াইস ১৫৩ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম আন্তর্জাতিক সেঞ্চুরি। তবে ইনিংস বড় করতে দেননি তাসকিন। ১৬৫ বলে ১৪টি চারে ১০৩ রান করে থামেন তিনি।

অন্যদিকে আরেক অভিষিক্ত ব্যাটার আব্দুল্লাহ ফজল ১০১ বলে পূর্ণ করেন নিজের প্রথম আন্তর্জাতিক ফিফটি। তবে তিনিও বেশিক্ষণ টিকতে পারেননি। ৬০ রান করে মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে মিড অনে তাইজুল ইসলামের হাতে ক্যাচ দেন তিনি।

এর আগে তাসকিনের দ্বিতীয় শিকার হন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ করতে গিয়ে শর্ট পয়েন্টে ক্যাচ তুলে দেন তিনি। দারুণ ক্যাচে সেটি তালুবন্দি করেন সাদমান ইসলাম। ৯ রানেই থামে মাসুদের ইনিংস।

পরের ওভারেই আক্রমণে এসে সৌদ শাকিলকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন মিরাজ। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি এই বাঁহাতি ব্যাটার। কোনো রান না করেই ফিরতে হয় তাকে।

৭১ ওভার শেষে ৫ উইকেটে পাকিস্তানের সংগ্রহ দাঁড়ায় ২৫১ রান। বাংলাদেশের হয়ে মিরাজ নিয়েছেন ৩টি এবং তাসকিন শিকার করেছেন ২ উইকেট।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *