সন্ত্রাস নিয়ন্ত্রণে দলীয় পরিচয় নয়, ব্যক্তির কর্মকাণ্ডকে গুরুত্ব দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দুর্নীতি ও সন্ত্রাস মোকাবিলায় কারও রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তিগত দায়-দায়িত্ব ও কর্মকাণ্ডকে গুরুত্ব দিতে হবে। তিনি জানান, সরকার এমন একটি পুলিশ বাহিনী গড়ে তুলতে চায়, যা হবে প্রকৃত অর্থে জনবান্ধব। একই সঙ্গে পুলিশ প্রশাসনকে সরকারের প্রতিচ্ছবি বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (১১ মে) জাতীয় পুলিশ সপ্তাহ-২০২৬ উপলক্ষে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আন্তরিকভাবে দায়িত্ব পালন করলে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গঠনের পথ আরও সুগম হবে। এজন্য পুলিশ সদস্যদের বহুমুখী দক্ষতা অর্জনের পাশাপাশি যেকোনো পরিস্থিতিতে কাজ করার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি। একই সঙ্গে পেশাদারিত্বের ক্ষেত্রে কোনো ধরনের আপস না করার আহ্বান জানান।

তারেক রহমান আরও বলেন, সরকার জুলাই সনদ পুরোপুরি বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ। পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে সততা, যোগ্যতা ও দক্ষতাকেই প্রধান বিবেচনায় রাখা হবে বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী বলেন, জনগণ সরকারের কার্যক্রমকে অনেকাংশে পুলিশের আচরণ ও ভূমিকার মাধ্যমেই মূল্যায়ন করে। তাই বাহিনীর সদস্যদের আরও মানবিক ও জনমুখী হওয়ার তাগিদ দেন তিনি।

সূত্রঃ আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *