চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় মিলল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার মরদেহ

চট্টগ্রাম নগরীর সাগরিকা ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় কাউসার আহমেদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি আকবর শাহ থানা এলাকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন বলে জানা গেছে। সোমবার (১১ মে) রাত সাড়ে ৩টার দিকে বিএসআরএম ডিপোর পাশের ফ্লাইওভার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। কাউসার রাউজান উপজেলার উরকিরচর এলাকার আবুল কাশেমের ছেলে।

এ ঘটনায় পাহাড়তলী থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। মরদেহ উদ্ধারের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। ছাত্রলীগের চট্টগ্রাম মহানগরের সাবেক কয়েকজন নেতা মঙ্গলবার (১২ মে) রাতে ফেসবুকে দাবি করেন, কাউসারকে পরিকল্পিতভাবে হত্যা করে পরে ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে।

তবে পুলিশ এ দাবিকে গুজব হিসেবে উল্লেখ করেছে। তাদের প্রাথমিক ধারণা, এটি আত্মহত্যার ঘটনা। পাহাড়তলী থানার এসআই মাসুদুর রহমান জানান, কাউসার বিএসআরএমে নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পেরেছে, তিনি মাদকাসক্ত ছিলেন এবং দীর্ঘদিন ধরে মানসিক হতাশায় ভুগছিলেন। তার শরীরে কোনো আঘাতের চিহ্নও পাওয়া যায়নি বলে জানান তিনি।

এসআই মাসুদুর রহমান আরও বলেন, নিয়ম অনুযায়ী মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে এবং পরে তা পরিবারের কাছে হস্তান্তর করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অনেক তথ্যই ‘প্রপাগান্ডা’ বলে মন্তব্য করেন তিনি।

অন্যদিকে, ছাত্রলীগের নেতাকর্মীরা ঘটনাটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। তাদের অভিযোগ, কাউসারকে অপহরণের পর হত্যা করে মরদেহ ফ্লাইওভারে ঝুলিয়ে রাখা হয়েছে। নিষিদ্ধ ছাত্রলীগের নেতা তালুকদার পারভেজ আনসারী অভিযোগ করেন, রাজনৈতিক কারণে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা কাউসারকে হত্যা করেছে। এ ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *