ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি আরও বলেন, দেশের রাজনীতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উত্থানের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ দায়ী।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এবারের নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে বিজয়ী হন মির্জা ফখরুল।
তার বক্তব্য অনুযায়ী, টানা ১৫ বছরের ‘ফ্যাসিস্ট শাসন’ ও গণতন্ত্রের ওপর চাপ সৃষ্টি করার ফলেই জামায়াতে ইসলামীর উত্থান ঘটেছে। তিনি বলেন, রাজনৈতিক তত্ত্ব অনুযায়ী যখন গণতান্ত্রিক চর্চা বাধাগ্রস্ত হয়, তখন উগ্রবাদী শক্তিগুলো শক্তি সঞ্চয় করে। বর্তমান পরিস্থিতিও তারই প্রতিফলন।
তিনি অভিযোগ করেন, আওয়ামী লীগের দমন-পীড়ন, বিরোধী দলকে কার্যক্রম পরিচালনায় বাধা এবং নির্বাচনে অংশগ্রহণে প্রতিবন্ধকতা সৃষ্টি করার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে তার দাবি, জনগণ ইতোমধ্যে জামায়াতে ইসলামীর রাজনীতি প্রত্যাখ্যান করেছে এবং বিএনপি দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে।
সূত্রঃ ইত্তেফাক
