নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে ঘটেনি বলে জানিয়েছেন কুষ্টিয়া পল্লী বিদ্যুৎ সমিতির প্রাগপুর সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম, ওঅ্যান্ডএম) মোহাম্মদ তোজাম্মেল হক। শুক্রবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ঘটনাস্থল পরিদর্শন ও কারিগরি পরীক্ষা-নিরীক্ষার তথ্য তুলে ধরে তিনি এ কথা জানান।
তোজাম্মেল হক বলেন, ১১ নভেম্বর দিবাগত রাত পেরিয়ে ১২ নভেম্বর রাত ১২টা ১৮ মিনিটে অভিযোগ কেন্দ্রের মোবাইল ফোনে কল করে অগ্নিকাণ্ডের খবর দেওয়া হয়। খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। পরে অফিসের দুই লাইনম্যান ঘটনাস্থলে গিয়ে মিটার ও বৈদ্যুতিক তার উদ্ধার করেন।
অগ্নিকাণ্ডের সম্ভাব্য কারণ সম্পর্কে তিনি জানান, উদ্ধার করা মিটারের বাইরের প্লাস্টিকের আবরণ পুড়ে গেলেও ভেতরের সার্কিট সম্পূর্ণ অক্ষত রয়েছে। তার ধারণা, বাইরে থেকে আসা আগুনের তাপেই মিটারের প্লাস্টিকের কভার পুড়ে গেছে। পাশাপাশি গ্রাহকের কাছে বিদ্যুৎ সরবরাহের কাজে ব্যবহৃত সার্ভিস ড্রপ কেবলও অক্ষত অবস্থায় পাওয়া গেছে।
শর্ট সার্কিটের সম্ভাবনা নাকচ করে তিনি আরও বলেন, সংশ্লিষ্ট লাইনের ডিস্ট্রিবিউশন ট্রান্সফর্মারের কোনো ফিউজ নষ্ট হয়নি। এমনকি গ্রাহকের মেইন সুইচের কাট-আউটে থাকা প্রায় তিন অ্যাম্পিয়ারের ফিউজটিও অক্ষত রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, শর্ট সার্কিট হলে অতিরিক্ত কারেন্ট প্রবাহের কারণে মেইন সুইচের ফিউজটি পুড়ে যাওয়ার কথা। কিন্তু সরেজমিনে পরিদর্শন করে তিনি ফিউজটি অক্ষত পেয়েছেন এবং এর ছবিও সংরক্ষণ করেছেন।
সব ধরনের কারিগরি পর্যবেক্ষণ ও আলামত বিশ্লেষণ করে তোজাম্মেল হক বলেন, বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার কোনো অংশ থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লাগার সম্ভাবনা নেই। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ অন্য কিছু হতে পারে।
