জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা: স্পিকার

২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার আদায় এবং বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাঙ্ক্ষাকে নতুন মাত্রা দিয়েছে বলে মন্তব্য করেছেন স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

সোমবার ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের উদ্বোধনী বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্যদের উদ্দেশে স্পিকার বলেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে আমরা স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ পেয়েছি। আত্মত্যাগ, সাহসিকতা ও দেশপ্রেমের মধ্য দিয়ে অর্জিত স্বাধীনতার ইতিহাস যেমন গৌরবের, তেমনি ২০২৪ সালের ছাত্র-জনতার জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানও দেশের রাজনৈতিক ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ অভ্যুত্থানের মধ্য দিয়েই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং প্রকৃত গণতন্ত্রের নতুন পথচলা শুরু হয়েছে।

স্পিকার বলেন, গণতন্ত্র ছাড়া কোনো দেশের কাঙ্ক্ষিত উন্নয়ন অর্জন সম্ভব নয়। তাই ত্রয়োদশ জাতীয় সংসদকে ঘিরে জনগণের প্রত্যাশাও অনেক বেশি। জনগণের রায়ের প্রতি সম্মান জানানো, সংবিধানের মর্যাদা অক্ষুণ্ন রাখা, আইনের শাসন প্রতিষ্ঠা, জবাবদিহিতা নিশ্চিত করা এবং নাগরিক অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা পালন করা এ সংসদের অন্যতম দায়িত্ব।

সংসদীয় গণতন্ত্রের সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, আলোচনা, যুক্তিনির্ভর বক্তব্য, পারস্পরিক সম্মান এবং দায়িত্বশীল মতপ্রকাশ সংসদীয় গণতন্ত্রের মূল ভিত্তি। মত ও পথের ভিন্নতা থাকা সত্ত্বেও একসঙ্গে কাজ করার সুযোগই সংসদীয় গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য।

তিনি আরও বলেন, সংসদের অভ্যন্তরে গঠনমূলক আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান বের করতে হবে। দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে জাতীয় স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে। অধিবেশনজুড়ে সংসদ সদস্যরা সংসদীয় বিধিবিধান ও শালীনতা বজায় রেখে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকবেন এবং দেশ ও জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেন স্পিকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *