ওভারলোডেড ট্রাক চললে এক কিলোমিটার রাস্তা নির্মাণের নির্দেশ এমপি হাসনাতের

কুমিল্লার দেবিদ্বারে নবনির্মিত সড়কগুলো অসাধু ব্যবসায়ী ও মাটি ব্যবসায়ীদের কারণে নির্মাণের ছয় মাসের মধ্যেই ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে অভিযোগ করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার বেলা ১১টায় উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের বিষ্ণুপুর চৌমুহনী ঈদগাহ মাঠে আয়োজিত এক সভায় তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, অসাধু ব্যবসায়ী ও মাটিখেকোদের কর্মকাণ্ডে নির্মাণের মাত্র ছয় মাসের মধ্যেই এলাকার সড়কগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। এ অবস্থা থেকে উত্তরণে দেবিদ্বার-চান্দিনা সড়কে অতিরিক্ত ওজনবাহী কোনো ট্রাক চলতে দেওয়া হবে না। কোনো ওভারলোডেড ট্রাক আটক হওয়ার পর তদবিরের মাধ্যমে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করা হলেও কাউকে ছাড় দেওয়া হবে না।

তিনি আরও বলেন, অপরাধী যে দলেরই হোক কিংবা যত প্রভাবশালীই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। অতিরিক্ত ওজন নিয়ে চলাচলকারী ট্রাকের মালিককে এক কিলোমিটার সড়ক নির্মাণ করে দিতে হবে।

অবৈধ ইটভাটা স্থাপন ও কৃষিজমি থেকে মাটি কাটার সঙ্গে জড়িতদের সতর্ক করে সংসদ সদস্য বলেন, যারা নতুন করে ইটভাটার চুঙ্গা নির্মাণ করছেন কিংবা অবৈধভাবে ইট পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন, তাদের এখনই এসব কর্মকাণ্ড থেকে সরে আসা উচিত। কোনো অবৈধ ইটভাটা বা চুল্লি চালু রাখতে দেওয়া হবে না। প্রয়োজনে ইট তৈরিতে অর্থ ব্যয় করার পরও সেগুলো ভেঙে গুঁড়িয়ে দেওয়া হবে।

দেবিদ্বারে সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠা ও অপরাধমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা থাকতে পারে। তবে মূলত দুটি পক্ষ রয়েছে—একটি অপরাধী চক্র, অন্যটি সাধারণ জনগণ।

তিনি আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য ভুলে অপরাধ, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে অবস্থান নিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *