আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগ নাহিদ ইসলামের

দেশের বিভিন্ন স্থানে নাশকতা, গুপ্ত হামলা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনায় জাতীয় সংসদে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এসব সন্ত্রাসী কর্মকাণ্ড ও অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ করেছেন তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে পয়েন্ট অব অর্ডারে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

তিনি বলেন, গত দুই দিন ধরে দেশে নজিরবিহীন সন্ত্রাস, নৈরাজ্য ও নাশকতামূলক কর্মকাণ্ড চলছে। পতিত ফ্যাসিবাদী শক্তি বিভিন্ন জায়গায় গোপনে হামলা চালাচ্ছে, যানবাহনে অগ্নিসংযোগ করছে এবং এসব ঘটনায় প্রাণহানিও ঘটছে। মৌলভীবাজারে জাতীয় ছাত্রশক্তির সভাপতি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসিব আল ইসলামের ওপর হামলা, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ককটেল বিস্ফোরণ এবং বিএনপির কার্যালয়ে ভাঙচুরের ঘটনাগুলো উল্লেখ করে উদ্বেগ জানান তিনি।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, গত সাত মাসের কর্মকাণ্ডেই আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতা স্পষ্ট হয়ে উঠেছে। সংবিধান সংশোধনের বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রীকে যতটা সক্রিয় দেখা যায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ততটা তৎপরতা দেখা যায় না। নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্যরা দেশে ফিরে কর্মসূচি পালন করে নির্বিঘ্নে আবার বিদেশে চলে যাচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।

নাহিদ ইসলাম আরও বলেন, সংসদের প্রশ্নোত্তর পর্বে দীর্ঘ সময় ধরে বিভিন্ন অপ্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হলেও দেশের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে পরিষ্কার কোনো বক্তব্য পাওয়া যাচ্ছে না। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গোয়েন্দা কার্যক্রম জোরদার এবং ভারতের সঙ্গে কূটনৈতিক পদক্ষেপ গ্রহণে সরকারের ভূমিকা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর আনুষ্ঠানিক বিবৃতি ও সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *