দিল্লিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করার বিষয়টি খতিয়ে দেখছে সরকার বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি জানান, দণ্ডিত ও পলাতক কোনো আসামির এ ধরনের আবেদন করার আইনগত সুযোগ রয়েছে কি না, তা যাচাই করা হবে।
সোমবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, তিনিও বিভিন্ন সংবাদমাধ্যমের স্ক্রল নিউজে শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন করার খবর দেখেছেন। তবে এ বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাননি। বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় ও আইন মন্ত্রণালয় যাচাই-বাছাই করছে।
তিনি আরও বলেন, পাসপোর্ট আইন, নাগরিকত্ব আইন এবং জাতীয় পরিচয়পত্র-সংক্রান্ত বিধিবিধান পর্যালোচনা করে আবেদনটির আইনি বৈধতা পরীক্ষা করা হবে। আবেদন যথাযথ প্রক্রিয়ায় করা হয়েছে কি না এবং একজন দণ্ডিত ও পলাতক আসামির আবেদন করার আইনগত অধিকার রয়েছে কি না, তা যাচাইয়ের পর সংশ্লিষ্ট মন্ত্রণালয় এ বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেবে।
শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো দণ্ডিত আসামি বিদেশে অবস্থান করলে প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া রয়েছে। সেই অনুযায়ী, যে দেশে তিনি অবস্থান করছেন, সে দেশের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে চিঠি পাঠানো হয়েছে, যাতে আইন অনুসারে তাকে প্রত্যর্পণ করা হয়। এ বিষয়ে এর বাইরে আপাতত বিস্তারিত কিছু বলতে চাননি তিনি।
