ইসলামিক স্কলার ডা. জাকির নায়েকের প্রতিষ্ঠিত ‘ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন’ (আইআরএফ)-এর ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও পাঁচ বছর বাড়িয়েছে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। শুক্রবার প্রকাশিত এক সরকারি গেজেট বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এর আগে সংগঠনটির ওপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আগামী ১৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল।
ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইআরএফ এমন কর্মকাণ্ডে জড়িত, যা দেশটির নিরাপত্তার জন্য হুমকি এবং শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত করতে পারে। ১৯৬৭ সালের বেআইনি কার্যকলাপ (প্রতিরোধ) আইন বা ইউএপিএর ৩ নম্বর ধারার (১) উপধারায় দেওয়া ক্ষমতাবলে সংগঠনটিকে ‘বেআইনি সংগঠন’ ঘোষণা করা হয়েছে। পরবর্তী সময়ে ইউএপিএ ট্রাইব্যুনালও এ সিদ্ধান্ত বহাল রাখে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সরকারি প্রজ্ঞাপনে অভিযোগ করা হয়েছে, আইআরএফ ও এর সদস্যরা, বিশেষ করে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও সভাপতি ড. জাকির আব্দুল করিম নায়েক ওরফে ডা. জাকির নায়েক, ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে বিভেদ, শত্রুতা, ঘৃণা ও বিদ্বেষ ছড়ানোর কাজে অনুসারীদের উৎসাহিত ও সহায়তা করে আসছেন। ভারতের কেন্দ্রীয় সরকারের মতে, এসব কর্মকাণ্ড দেশটির অখণ্ডতা ও নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ।
এ ছাড়া বিজ্ঞপ্তিতে জাকির নায়েকের বক্তব্য ও ভাষণকে আপত্তিকর এবং উসকানিমূলক হিসেবে উল্লেখ করা হয়েছে। অভিযোগ করা হয়েছে, আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন, ইন্টারনেট, প্রিন্ট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে তিনি বিশ্বজুড়ে লাখ লাখ মানুষের কাছে উগ্র বক্তব্য প্রচার করেছেন। একই সঙ্গে ভারতসহ বিভিন্ন দেশের একটি নির্দিষ্ট ধর্মের তরুণদের সন্ত্রাসী কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করার অভিযোগও আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, আইআরএফের কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করা না হলে সংগঠনটি পলাতক সদস্যদের পুনরায় সংগঠিত করতে পারে। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট, রাষ্ট্রবিরোধী মনোভাব ছড়িয়ে দেওয়া এবং ভারতের ধর্মনিরপেক্ষ কাঠামো দুর্বল করার আশঙ্কা রয়েছে। সংগঠনটি বিচ্ছিন্নতাবাদ ও জঙ্গিবাদে সহায়তা দিয়ে দেশটির সার্বভৌমত্ব ও নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে বলেও বিজ্ঞপ্তিতে সতর্ক করা হয়েছে।
এসব বিষয় বিবেচনায় আইআরএফকে বেআইনি সংগঠন হিসেবে ঘোষণা এবং এর ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখা জরুরি বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার।
সূত্র: এনডিটিভি
