ইরান যুদ্ধের বিরোধীদের ‘শয়তানের প্ররোচনায়’ দেখছেন মার্কিন রাষ্ট্রদূত

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের চলমান যুদ্ধের বিরোধিতাকারীদের চিন্তাভাবনা ‘শয়তানের নিয়ন্ত্রণে’ রয়েছে বলে মন্তব্য করেছেন ইসরাইলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। যুদ্ধের সমালোচকদের ‘আধ্যাত্মিক অন্ধকার ও অন্ধত্বে’ আক্রান্ত বলেও দাবি করেছেন তিনি। তার এমন মন্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রজুড়ে সমালোচনার ঝড় উঠেছে। এমনকি দেশটির রক্ষণশীল রাজনৈতিক অঙ্গনের ব্যক্তিরাও তার বক্তব্যের সমালোচনা করেছেন।

গত ২৩ অক্টোবর ইসরাইলি উপস্থাপক আমির তসারফাতির সঞ্চালনায় ‘দ্য অ্যাংকর পডকাস্ট’-এ অতিথি হিসেবে অংশ নিয়ে এসব মন্তব্য করেন হাকাবি।

ইরানের বিরুদ্ধে যুদ্ধের বিরোধিতাকারীদের বিষয়ে তিনি বলেন, ‘শয়তান তাদের মনকে অন্ধ করে দিয়েছে’ এবং তাদের চিন্তাভাবনার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে। তার মতে, যুদ্ধের সমালোচনাকারীরা ‘আধ্যাত্মিক অন্ধকার ও অন্ধত্বে’ ভুগছেন।

গত সপ্তাহের শেষ দিকে দেওয়া হাকাবির বক্তব্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে বিতর্ক শুরু হয়। যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর এ সমালোচনা আরও তীব্র হয়েছে। নির্বাচনটিকে অনেকেই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রতি জনসমর্থন, বিশেষ করে ইরান যুদ্ধ নিয়ে জনগণের অবস্থান যাচাইয়ের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখছেন।

হাকাবির বক্তব্যের সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের রক্ষণশীল সাময়িকী ‘দ্য আমেরিকান কনজারভেটিভ’-এর জ্যেষ্ঠ সম্পাদক অ্যান্ড্রু ডে। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি হাকাবির বক্তব্যের প্রসঙ্গ তুলে ধরে বলেন, ইরান যুদ্ধের বিরোধিতাকারীদের শয়তানের নিয়ন্ত্রণে থাকার তত্ত্ব দেওয়ার সময় রাষ্ট্রদূত নিজেই স্বীকার করেছেন, এ ধরনের মন্তব্য একজন রাষ্ট্রদূতের মুখে কিছুটা অস্বাভাবিক শোনাতে পারে। অ্যান্ড্রু ডে ব্যঙ্গ করে বলেন, ‘হ্যাঁ, সত্যিই তা-ই!’

এদিকে, হাকাবির মন্তব্যের ভিডিও ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই তাকে রাষ্ট্রদূতের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *