বগুড়ায় খালেদা জিয়া ও তারেক রহমানের সমর্থনে মনোনয়নপত্র উত্তোলন

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়ার দুটি আসনে বিএনপির শীর্ষ দুই নেতার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। বগুড়া-৭ (গাবতলী–শাজাহানপুর) আসনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বগুড়া-৬ (সদর) আসনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অনুকূলে এসব মনোনয়নপত্র উত্তোলন করা হয়।

রোববার (২১ ডিসেম্বর) দুপুরে বগুড়া জেলা নির্বাচন অফিস থেকে বেগম খালেদা জিয়ার পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেন তাঁর নির্বাচনি সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালু।

মনোনয়নপত্র সংগ্রহ শেষে হেলালুজ্জামান তালুকদার লালু বলেন, বেগম খালেদা জিয়া এই আসন থেকে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবারও তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করার ব্যাপারে ভোটাররা আগ্রহী। জনগণ অধীর আগ্রহে তাঁর পক্ষে ভোট দেওয়ার অপেক্ষায় রয়েছে বলে তিনি মন্তব্য করেন।

অন্যদিকে, দুপুর সাড়ে ১২টায় বগুড়া জেলা প্রশাসক তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট মাহবুবুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জিএম সিরাজ, ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁনসহ জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।

এদিকে, দীর্ঘ ১৮ বছর পর আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেদিন বেলা ১১টা ৫৫ মিনিটে বাংলাদেশ বিমানের একটি নিয়মিত ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছাবেন বলে দলীয় সূত্র জানিয়েছে।

উল্লেখ্য, এক-এগারোর রাজনৈতিক পটপরিবর্তনের পর ২০০৭ সালে তারেক রহমান গ্রেপ্তার হন। পরের বছর কারামুক্ত হয়ে চিকিৎসার উদ্দেশ্যে সপরিবার যুক্তরাজ্যে যান। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *