স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, বিচ্ছিন্ন দু-একটি ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে না

দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে ককটেল বিস্ফোরণ কিংবা বাসে অগ্নিসংযোগের মতো দু-একটি ঘটনাকে কেন্দ্র করে সামগ্রিক রাজনৈতিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে বলে দাবি করা যুক্তিসংগত নয় বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। একই সঙ্গে পতিত ফ্যাসিবাদী শক্তি ও তাদের সহযোগীরা দেশের অভ্যন্তরে কিংবা সীমান্তের বাইরে থেকে কোনো ষড়যন্ত্রের চেষ্টা করলে তা কঠোরভাবে দমন করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

মঙ্গলবার জাতীয় সংসদে বিরোধীদলীয় নেতার উদ্বেগের পরিপ্রেক্ষিতে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, বিরোধী দলের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা স্বাভাবিক বিষয়। সরকারও তাদের গঠনমূলক সহযোগিতাকে ইতিবাচকভাবে দেখে। তবে পতিত ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সীমান্তের ওপারে আশ্রয় নেওয়া তাদের সহযোগীদের কাছ থেকেও এসব তৎপরতায় ইন্ধন দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সারা দেশে সম্প্রতি সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় জড়িতদের কয়েকজনকে ঘটনাস্থল থেকেই আটক করে আইনের আওতায় আনা হয়েছে। সিএমএম আদালত এলাকায় সংঘটিত ঘটনায় জড়িত তিনজনের মধ্যে দুজনকে গ্রেপ্তার করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

সালাহউদ্দিন আহমেদ বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস ফ্যাকাল্টির সামনে রাতে একটি গাড়ির ছাদে ককটেল বিস্ফোরণ কিংবা নির্জন স্থানে দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা দিয়ে দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন করা যায় না। এ ধরনের প্রতীকী ঘটনাকে অতিরঞ্জিত করে পরিস্থিতির ব্যাপক অবনতি হয়েছে বলে প্রচার করা বাস্তবসম্মত নয়।

তৈরি পোশাক ও রপ্তানি খাত নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে তিনি বলেন, দেশের প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী পোশাক শিল্পে অস্থিরতা তৈরির জন্য দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করে পরিকল্পনা করেছিল। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্য ও পেশাদারিত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে সেই অপচেষ্টা নস্যাৎ করেছে। গাজীপুর, সাভার, আশুলিয়া ও নারায়ণগঞ্জসহ গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে পুলিশ, শিল্প পুলিশ ও বিজিবি সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে। পাশাপাশি মালিক ও শ্রমিক সংগঠনগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে শিল্প খাতে স্থিতিশীলতা বজায় রাখা হচ্ছে।

অপরাধসংক্রান্ত পরিসংখ্যানের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সরকার দায়িত্ব নেওয়ার পর অপরাধ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। পুলিশের ওয়েবসাইট ও সংশ্লিষ্ট দাপ্তরিক তথ্য অনুযায়ী, আগের বছরের একই সময়ের তুলনায় হত্যাকাণ্ডের সংখ্যা প্রায় ৩০০টি কমেছে। অথচ এসব তথ্যের পূর্ণাঙ্গ চিত্র উপস্থাপন না করে জনমনে আতঙ্ক ছড়ানোর চেষ্টা চলছে।

ষড়যন্ত্রকারীদের সতর্ক করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বিদায় নেওয়া ফ্যাসিবাদী শক্তিকে দেশে পুনর্বাসনের কোনো সুযোগ দেওয়া হবে না। দেশের ভেতরে কিংবা সীমান্তের ওপার থেকে যেকোনো ধরনের ষড়যন্ত্র বা অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করা হলে তথ্য-প্রমাণসহ তা জাতির সামনে তুলে ধরা হবে এবং কঠোর হাতে প্রতিহত করা হবে। এ বিষয়ে সংসদীয় কার্যপ্রণালী বিধির ৩০০ বিধিতে বিস্তারিত সরকারি বিবৃতি দেওয়া হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *