আসন্ন নির্বাচনের মাধ্যমে ঋণখেলাপিদের সংসদের বাইরে রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, দেশের অগ্রগতির প্রথম শর্ত হলো দুর্নীতির লাগাম টানা। দুর্নীতি রোধ করা গেলে দেশ একসময় অবশ্যই এগিয়ে যাবে। তার ভাষায়, এবারের নির্বাচন হবে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ার নির্বাচন, চাঁদাবাজি বন্ধ করার নির্বাচন এবং ঋণখেলাপিদের সংসদ থেকে বিদায় জানানোর নির্বাচন।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে কুমিল্লার দেবিদ্বার উপজেলার বড় শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজারে আগ্রাসনবিরোধী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।
গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমেই গণতন্ত্র আরও শক্তিশালী হবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত হবে।
তিনি বলেন, দুর্নীতিমুক্ত ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশ, তরুণদের জন্য মানসম্মত শিক্ষা ও ভালো চাকরির সুযোগ এবং একটি স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে অবস্থান নিতে হবে। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জনগণ চাইলে দুইবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না—এমন ব্যবস্থাও নিশ্চিত করা সম্ভব।
নির্বাচনী প্রচারে বিশেষ করে তরুণ প্রজন্ম ও নারীদের মাঠে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, এই নির্বাচনে আপনাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাসনাত আবদুল্লাহ আরও বলেন, তাদের দলে কোনো সন্ত্রাসী বা গুন্ডা-পান্ডা নেই এবং তাদের পক্ষ থেকে কাউকে ফোন করে ভয়ভীতি দেখানো হবে না। কেউ কর্মসূচিতে না এলে জোর করে বাড়ি থেকে তুলে আনার সংস্কৃতিতেও তারা বিশ্বাস করেন না।
তিনি বলেন, তারা ভালোবাসা নিয়েই মানুষের কাছে যাবেন। প্রয়োজনে ভোট ভিক্ষা করবেন, কিন্তু চুরি, দুর্নীতি কিংবা রাষ্ট্রীয় সম্পদ লুটের পথে হাঁটবেন না। তার ভাষায়, চুরি বা দুর্নীতি করার চেয়ে মানুষের কাছে ভোট চাওয়া অনেক বেশি সম্মানের।
নিজের প্রতি সাধারণ মানুষের আস্থার উদাহরণ তুলে ধরে তিনি বলেন, প্রতিদিন কেউ না কেউ আর্থিক সহায়তা, খাবার কিংবা ভালোবাসা নিয়ে এগিয়ে আসছেন। কেউ দুধ, কেউ সবজি দিচ্ছেন—কারণ মানুষ বিশ্বাস করেছে তিনি একজন সৎ মানুষ। তিনি আরও বলেন, নিজেদের সক্ষমতা ও সীমাবদ্ধতা তারা গোপন করছেন না। জনগণ যদি মনে করেন তিনি তাদের ঘরের মানুষ এবং তাকে দিয়ে কিছু করা সম্ভব, তাহলে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।
পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচিতে জামায়াতে ইসলাম ও এনসিপির উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ অংশগ্রহণ করেন।
সূত্রঃ আমার দেশ
