কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পতন এবং দলটির নেতাকর্মীদের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন মডেল মেঘনা আলম। তার অভিযোগ, বাংলাদেশের জন্য আওয়ামী লীগ ক্ষতিকর এবং বস্তির তরুণদের রাজনৈতিকভাবে ব্যবহারের প্রবণতাই দলটির পতনের অন্যতম কারণ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন মেঘনা আলম।
পোস্টে তিনি দাবি করেন, আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের অনেক নেতা-নেত্রী তাকে সমীহ করলেও বিএনপিকে সমর্থন করার কারণে দলটির তৃণমূলের কিছু নেতাকর্মী তাকে হয়রানি ও হেনস্তা করছেন।
মেঘনা আলম আরও বলেন, ক্ষমতা হারানো একটি দলের কর্মীদের মধ্যে যদি এতটা অসহিষ্ণুতা ও আক্রমণাত্মক মনোভাব দেখা যায়, তাহলে ভবিষ্যতে তারা ক্ষমতায় গেলে রাজনৈতিক বিরোধীদের সঙ্গে কেমন আচরণ করবে, সেটি ভাবার বিষয়।
তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে গণতন্ত্রে বিশ্বাস করেন এবং কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে নন। তবে আওয়ামী লীগের নাম ব্যবহার করে যারা বর্তমানে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত, তাদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
পোস্টের শেষাংশে মেঘনা আলম বলেন, ভবিষ্যতে এসব ব্যক্তির আচরণে পরিবর্তন এলে বিষয়টি ভিন্নভাবে দেখা যেতে পারে।
