বাঁধনকে হামলার ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপ জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাকে গুরুত্বের সঙ্গে দেখছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় কূটনৈতিক ও আইনগতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে ওঠা আলোচনার জবাবে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী জানান, রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা দেওয়া হচ্ছে।

এর আগে বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী ও এনসিপির সংসদ সদস্য আখতার হোসেন বাঁধনের ওপর হামলার ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপ সম্পর্কে জানতে চান।

জবাবে হুমায়ুন কবির বলেন, বাঁধন ইতালির পুলিশের পাশাপাশি বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিক অভিযোগ করবেন। অভিযোগ পাওয়ার পর বিষয়টি ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে। একই সঙ্গে দেশটির আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানান, পরিবারের সদস্যদের সঙ্গে ইতালিতে হাঁটার সময় বাঁধনের ওপর হামলার ঘটনা ঘটে। ঘটনার পর স্থানীয় পুলিশ দ্রুত পদক্ষেপ নেয়। বিষয়টি নিয়ে তিনি পররাষ্ট্রসচিবের সঙ্গে কথা বলেছেন এবং বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে মঙ্গলবার বিকেলে তিনি নিজে বাঁধনের সঙ্গে কথা বলেছেন এবং সরকারের পক্ষ থেকে তাকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন।

সংসদে হুমায়ুন কবির বলেন, একজন জুলাই যোদ্ধার ওপর হামলা কেবল ব্যক্তির ওপর আক্রমণ নয়, এটি দেশের গণতান্ত্রিক শাসনব্যবস্থার ওপরও আঘাত। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে সরকার কোনোভাবেই পিছপা হবে না।

এর আগে ডেপুটি স্পিকার কায়সার কামাল বাঁধনের ওপর হামলার ঘটনাকে ‘অমার্জনীয় ও নিন্দনীয় অপরাধ’ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে এ ঘটনায় সরকারের নেওয়া পদক্ষেপের অগ্রগতি পরবর্তী সময়ে সংসদকে অবহিত করার নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *