নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারে সরকার ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার মতে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির এখনও কাঙ্ক্ষিত উন্নতি ঘটেনি।
সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁও শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি আশা প্রকাশ করেন, খুব শিগগিরই চলমান সমস্যাগুলোর সমাধান হবে। পাশাপাশি মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে তিস্তা ও পদ্মাসহ দেশের সব অভিন্ন নদীর পানির ন্যায্য হিস্যা আদায়ে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, বিএনপি একটি পরীক্ষিত ও বৃহৎ রাজনৈতিক দল। তার দাবি, বাংলাদেশের ইতিহাসে যেসব ইতিবাচক অর্জন রয়েছে, তার বড় একটি অংশ বিএনপির শাসনামলেই হয়েছে।
সাংবাদিকদের আরেক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ক্রিকেটের সঙ্গে দেশের সম্মান অঙ্গাঙ্গিভাবে জড়িত। দেশের একজন ক্রিকেটারকে অপমান করার ঘটনা আসলে গোটা দেশকেই অপমান করার শামিল বলে বিএনপি মনে করে।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী, বিএনপি নেতা আনসারুল হক, চৌধুরী মহেবুল্লাহ আবু নুর, কামাল হোসেনসহ দলটির অন্যান্য নেতাকর্মীরা।
সূত্রঃ একুশে
