জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম বলেছেন, বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে তুলনা করতে চান না তিনি। তার ভাষায়, আওয়ামী লীগ খুনি, স্বৈরাচার ও গণহত্যাকারী দল। বাংলাদেশে তাদের পতন হয়েছে এবং ভারতে পালিয়ে গিয়ে তাদের রাজনৈতিক দাফন হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ভোলা জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত সাংগঠনিক সভা ও রাজনৈতিক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সারজিস আলম।
তিনি বলেন, বিএনপিকে নিয়ে আমাদের আলোচনা ও সমালোচনা থাকবে। দলটির কেউ চাঁদাবাজি, জমি দখল কিংবা মানুষের ওপর জুলুম করলে সেটিও আমরা তুলে ধরব। তবে কোনোভাবেই বিএনপিকে আওয়ামী লীগের সঙ্গে এক করে দেখব না।
সারজিস আলম বলেন, গত ছয় মাসে বিএনপির কর্মকাণ্ডে তারা সন্তুষ্ট নন। তাদের ধারণা, বিএনপি ধীরে ধীরে সঠিক পথ থেকে সরে যাচ্ছে এবং ক্ষমতার অপব্যবহার করছে। বিভিন্ন ক্ষেত্রে স্বজনপ্রীতি ও দলীয়করণ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।
তিনি আরও বলেন, নিয়োগের ক্ষেত্রে নম্বর বাড়িয়ে নিজেদের লোকজনকে চাকরি দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এটি বিএনপির পুরোনো রাজনৈতিক কৌশল উল্লেখ করে সারজিস বলেন, এই অবস্থান থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। এ বিষয়ে তারা যৌক্তিক সমালোচনা চালিয়ে যাবেন। তা না হলে রাজপথে তাদের কর্মসূচি আরও জোরালো হবে।
প্রশাসনে দলীয় প্রভাব বিস্তারের অভিযোগ তুলে সারজিস বলেন, ডিসি, এসপি ও ইউএনও পর্যায় পর্যন্ত দলীয়করণের চেষ্টা চলছে। বিএনপি নেতাকর্মীদের নির্দেশনায় প্রশাসন পরিচালনার যে প্রবণতা তৈরি হচ্ছে, তা থেকে দলটিকে সরে আসার আহ্বান জানান তিনি।
তিনি সতর্ক করে বলেন, বিএনপি যদি এ অবস্থান পরিবর্তন না করে, তাহলে ধীরে ধীরে দেশের রাজনীতিতে দলটির প্রাসঙ্গিকতা কমে যেতে পারে। একই সঙ্গে গণভোটের রায় বাস্তবায়ন না করলে ক্ষমতায় টিকে থাকা কঠিন হবে বলেও মন্তব্য করেন তিনি।
চাকরিজীবীদের পে-স্কেল বাড়ানোর উদ্যোগের জন্য বিএনপি সরকারকে সাধুবাদ জানিয়ে সারজিস আলম বলেন, জনগণের অর্থ থেকেই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন দেওয়া হয়। তাই তাদের কাজেও সর্বোচ্চ পেশাদারিত্ব নিশ্চিত করতে হবে। তবে অর্থের বিনিময়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী সেবা দিলে জনগণ তাদের বিরুদ্ধে রাস্তায় নামতে বাধ্য হবে বলেও সতর্ক করেন তিনি।
