হাদির ওপর হামলা: গ্রেপ্তারের পর মোটরসাইকেলের মালিক হান্নানের বক্তব্য

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলিবর্ষণে ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে আটক করা হয়েছে।

রোববার (১৪ ডিসেম্বর) র‍্যাব তাকে সন্দেহভাজন হিসেবে ৫৪ ধারায় পল্টন থানায় হস্তান্তর করেছে।

র‍্যাব-২ জানায়, আটক হান্নান মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকার বাসিন্দা হলেও তার স্থায়ী ঠিকানা চাঁপাইনবাবগঞ্জ সদর। তিনি হাদির ওপর হামলার প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদের পূর্বপরিচিত, যাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

র‍্যাব-২-এর অধিনায়ক মো. খালিদুল হক হাওলাদার জানান, হামলার সময় ব্যবহৃত মোটরসাইকেলটির মালিক আব্দুল হান্নান—এ তথ্য ভিডিও ফুটেজ বিশ্লেষণ ও প্রযুক্তির সহায়তায় নিশ্চিত করা হয়েছে। ফুটেজ থেকে মোটরসাইকেলের নম্বর সংগ্রহ করে বিআরটিএর মাধ্যমে যাচাই করা হয়। মোটরসাইকেলটির নম্বর ৫৪-৬৩৭৫।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হান্নান পরস্পরবিরোধী বক্তব্য দিয়েছেন। কখনো বলেছেন মোটরসাইকেলটি তিনি বিক্রি করে দিয়েছেন, আবার কখনো দাবি করেছেন সেটি গ্যারেজে রাখা ছিল। তবে এসব দাবির পক্ষে তিনি কোনো প্রমাণ দেখাতে পারেননি।

হান্নান দাবি করেছেন, প্রধান সন্দেহভাজন ফয়সালের সঙ্গে তার দীর্ঘদিন যোগাযোগ নেই। তবে র‍্যাব কর্মকর্তাদের মতে, ফয়সাল তার ঘনিষ্ঠ পূর্বপরিচিত। এছাড়া হান্নানের কোনো নির্দিষ্ট পেশার তথ্যও পাওয়া যায়নি। তাকে আরও জিজ্ঞাসাবাদ করলে ফয়সালের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ কারণে তাকে ৫৪ ধারায় আটক দেখিয়ে থানার তদন্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় একটি মোটরসাইকেল থেকে হাদিকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বর্তমানে তিনি একটি বেসরকারি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। চাঞ্চল্যকর এই হামলার ঘটনায় এখনো সরাসরি কোনো হামলাকারী গ্রেপ্তার না হলেও ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত এবং এর মালিককে আটক করাকে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *