প্রধানমন্ত্রী: আগামী এক বছরে ৪১ লাখ পরিবারের হাতে পৌঁছাবে ফ্যামিলি কার্ড

এক বছরে ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আগামী এক বছরের মধ্যে দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। সোমবার (১৩ জুলাই) সকালে বরিশালের গৌরনদী উপজেলার বাটাজোর অশ্বিনী কুমার ইনস্টিটিউট মাঠে ফ্যামিলি কার্ডধারী পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ ঘোষণা দেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশে প্রায় চার কোটি পরিবার রয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে প্রতিটি পরিবারের নারী প্রধানের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে। তিনি জানান, এটি সরকারের নির্বাচনী ইশতেহারে দেওয়া গুরুত্বপূর্ণ অঙ্গীকারগুলোর একটি।

তিনি বলেন, গৌরনদীতে প্রথম পর্যায়ে ৬০০ পরিবার ফ্যামিলি কার্ড পেয়েছে। পর্যায়ক্রমে উপজেলার বাকি পরিবারগুলোকেও এ কর্মসূচির আওতায় আনা হবে।

তারেক রহমান জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর যে বাজেট কার্যকর ছিল, তা আগের সরকারের প্রণীত হওয়ায় সেখানে ফ্যামিলি কার্ড কর্মসূচির জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। তবে নতুন অর্থবছরের বাজেটে এ প্রকল্প বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংস্থান করা হয়েছে।

তিনি আরও বলেন, নতুন বাজেটের অর্থায়নে আগামী এক বছরের মধ্যে সারা দেশে ৪১ লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে। এতে প্রতিটি উপজেলায় গড়ে প্রায় সাত হাজার পরিবার এ সুবিধা পাবে। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব পরিবারকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

নারীর ক্ষমতায়নের বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশের টেকসই উন্নয়নের জন্য পুরুষের পাশাপাশি নারীদেরও শিক্ষিত ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে উচ্চশিক্ষা পর্যন্ত নারীদের জন্য বিনামূল্যে শিক্ষার সুযোগ এবং মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি।

তিনি বলেন, নারীদের আর্থিক সক্ষমতা বাড়ানো এবং পরিবারকে আরও শক্তিশালী করতেই ফ্যামিলি কার্ড কর্মসূচি চালু করা হয়েছে।

সভায় বক্তব্য শেষে সকাল ১০টা ৫৪ মিনিটে প্রধানমন্ত্রী বাটাজোর ত্যাগ করে বরিশালের উদ্দেশে রওনা দেন।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *