নাসির উদ্দীন পাটোয়ারী: জুলাইয়ের শহীদদের রক্তের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে

বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান, জুলাই শহীদদের বিচার দাবি এনসিপির

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মোহাম্মদ নাসির উদ্দীন পাটোয়ারী বলেছেন, দেশের দক্ষিণাঞ্চলের মানুষ ভয়াবহ বন্যায় মানবিক সংকটের মুখে পড়েছে। এমন পরিস্থিতিতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নেতৃত্বকে জনগণের পাশে না দেখে ভিন্ন কর্মকাণ্ডে ব্যস্ত থাকতে দেখা যাচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তিনি বলেন, বন্যার পানিতে অসংখ্য মানুষ ঘরবাড়ি ও সহায়-সম্বল হারিয়ে দুর্বিষহ জীবন কাটাচ্ছে।

রোববার সন্ধ্যায় নওগাঁর নিয়ামতপুর উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে জুলাই পথসভা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে গেলেও এখনো তার বিচার সম্পন্ন হয়নি। একই সঙ্গে আওয়ামী লীগের বিভিন্ন নেতার বিচার দাবি করে তিনি বলেন, জুলাই আন্দোলনে নিহত শহীদদের রক্তের ন্যায়বিচার নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, রাষ্ট্রীয় সংস্কার এবং শেখ হাসিনার বিচার বাস্তবায়ন না হলে বিএনপি সরকারের বিরুদ্ধেও আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি অভিযোগ করেন, নির্বাচনের আগে বিভিন্ন রাজনৈতিক দল জনগণকে নানা প্রতিশ্রুতি দিলেও ভোটের পর সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন দেখা যায় না। স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে তিনি জানান, এনসিপি এককভাবে নির্বাচনে অংশ নেবে। দলের অবস্থান অন্যায়ের বিরুদ্ধে এবং ন্যায়ের পক্ষে উল্লেখ করে তিনি বলেন, কোনো প্রার্থীর বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হলে তার মনোনয়ন বাতিল করা হবে।

গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানে মানুষ গণতন্ত্র ও দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রত্যাশায় রাজপথে নেমেছিল। সেই আন্দোলনের অন্যতম লক্ষ্য ছিল রাষ্ট্রীয় সংস্কার, উন্নত শিক্ষাব্যবস্থা এবং স্বাধীন বিচার ও পুলিশ ব্যবস্থা প্রতিষ্ঠা। তবে তার দাবি, এসব প্রত্যাশার কোনোটি এখনো বাস্তবায়িত হয়নি।

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির কেন্দ্রীয় কমিটির সহ-সাধারণ সম্পাদক এবং নিয়ামতপুর উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী নিশাত আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের যুগ্ম সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিক, যুগ্ম আহ্বায়ক ও নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন, রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, যুবশক্তির সাধারণ সম্পাদক ফরহাদ সোহেল, যুগ্ম সদস্য সচিব সাকিব মাহাদীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।

সমাবেশের শুরুতে সাম্প্রতিক আকস্মিক বন্যায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সূত্রঃ আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *