প্রধানমন্ত্রী জানিয়েছেন, বিনামূল্যে স্কুল ইউনিফর্ম প্রদান এবং সকল বিদ্যালয়ে মধ্যাহ্নভোজ চালুর পরিকল্পনা রয়েছে।

দেশের সব উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে ধাপে ধাপে মিড-ডে মিল চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি জানান, প্রাথমিক স্তরের প্রায় ২ লাখ শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হবে।

বুধবার (৮ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. সেলিম রেজার প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। অধিবেশনের ১১তম দিনের সকালের বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের পুষ্টি নিশ্চিত করতে পর্যায়ক্রমে সব উপজেলায় স্কুল ফিডিং কার্যক্রম চালু করা হবে। চলতি অর্থবছরেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২ লাখ শিক্ষার্থীর হাতে বিনামূল্যে ইউনিফর্ম তুলে দেওয়া হবে এবং পরে এটি সব উপজেলায় সম্প্রসারণ করা হবে।

তিনি আরও জানান, নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী নতুন প্রজন্মকে আন্তর্জাতিক মানের প্রতিযোগিতায় সক্ষম করে তুলতে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব শিক্ষাপ্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হবে।

ডিজিটাল বৈষম্য কমাতে প্রায় দেড় হাজার শিক্ষা প্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই সুবিধা দেওয়া হবে এবং প্রতিটি শিক্ষার্থী ও শিক্ষকের জন্য চালু করা হবে ইউনিক ডিজিটাল পরিচয় ‘এডু-আইডি’। পাশাপাশি, মাধ্যমিক স্তরে সাধারণ শিক্ষার পাশাপাশি কারিগরি শিক্ষাকে বাধ্যতামূলক করার পরিকল্পনার কথাও তিনি উল্লেখ করেন।

লিখিত প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী জানান, ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ এবং প্রতিটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। এছাড়া, আগামী ১৮০ দিনের মধ্যে দেশের ২ হাজার ৩৩৬টি কারিগরি এবং ৮ হাজার ২৩২টি মাদ্রাসা শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে ওয়াই-ফাই চালু করা হবে।

মাদ্রাসা শিক্ষাকে আধুনিক করতে স্মার্ট ক্লাসরুম স্থাপন, শিক্ষকদের প্রশিক্ষণ এবং কারিগরি কোর্স যুক্ত করার পরিকল্পনাও রয়েছে বলে জানান তিনি।

এছাড়া, আইসিটি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আগামী ছয় মাসের মধ্যে শিক্ষার্থীদের জন্য এগ্রিকালচার ইনটেলিজেন্স, সাইবার সিকিউরিটি, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (ফ্লাটার), পাইথন প্রোগ্রামিং এবং ওয়েবভিত্তিক ডিজিটাল মার্কেটিং বিষয়ে প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে।

সূত্র : একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *