গণভোটের ফল কার্যকর করার দাবিতে রাজধানীসহ সারাদেশে আন্দোলনের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট। এ লক্ষ্যে তারা টানা তিন দিনের কর্মসূচিও ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি তুলে ধরেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
তিনি জানান, আগামী ১৮ এপ্রিল ঢাকায় জামায়াত ও এনসিপিসহ ১১ দলীয় জোটের উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। এরপর ২৫ এপ্রিল দেশের সব বিভাগীয় শহরে এবং ২ মে প্রতিটি জেলায় একই ধরনের কর্মসূচি পালন করা হবে।
জোটের পক্ষ থেকে বলা হয়, গণভোটে পাওয়া জনরায় বাস্তবায়নই তাদের আন্দোলনের প্রধান লক্ষ্য।
মিয়া গোলাম পরওয়ার অভিযোগ করেন, রাষ্ট্রব্যবস্থায় এখনো কাঙ্ক্ষিত কোনো পরিবর্তন আসেনি। তার মতে, বর্তমান পরিস্থিতিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন জরুরি এবং সেটিকে আইনি কাঠামোর মধ্যে এনে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে।
তিনি আরও দাবি করেন, জাতীয় নির্বাচন ও গণভোটের মাধ্যমে জনগণ যে প্রত্যাশা করেছিল, তা পূরণ হয়নি।
সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি বলেন, গণরায় উপেক্ষা করে সরকার জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। আন্দোলন দমনে হুমকি দেওয়াকে তিনি ফ্যাসিবাদী ও অসাংবিধানিক আচরণ হিসেবে উল্লেখ করেন এবং সতর্ক করেন—দমন-পীড়নের পথে হাঁটলে এর পরিণতিও ভালো হবে না।
সূত্রঃ কালবেলা
