ফয়জুল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না।

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে মানুষ নিরাপদে ঘুমাতে পারবে না, ব্যবসা-বাণিজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এবং নারীরা নিরাপত্তাহীনতার আশঙ্কায় ভুগবে।

রোববার (২৬ অক্টোবর) বিকেলে বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
‘প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার’, ‘জুলাই সনদ বাস্তবায়ন’ এবং ‘সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে জাতীয় নির্বাচন’-এর দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

মুফতি ফয়জুল করীম বলেন, “স্বাধীনতার পর থেকে বারবার সরকার বদল হলেও সাধারণ মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আওয়ামী লীগ, বিএনপি কিংবা অন্য কোনো দলই জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারেনি। নীতি-আদর্শবিহীন নেতৃত্ব দিয়ে শুধু দল বা নেতার পরিবর্তন এনে দেশের শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “সংখ্যানুপাতিক পদ্ধতি চালু না করলে, বৈষম্য দূর না হলে এবং গণহত্যার বিচার সম্পন্ন না হলে দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠিত হবে না।”

দেশে প্রকৃত পরিবর্তন আনতে ইসলামের আদর্শে রাষ্ট্র পরিচালনা ও জুলুম-চাঁদাবাজদের হাত থেকে দেশকে রক্ষা করার আহ্বান জানিয়ে তিনি জনগণকে হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানান।

ইসলামী আন্দোলন উপজেলা পশ্চিম শাখার সভাপতি আলহাজ মাওলানা নাছির উদ্দিন রোকন ডাকুয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রাজ্জাক, ঝালকাঠি-২ আসনের প্রার্থী ড. মাওলানা সিরাজুল ইসলাম সিরাজী, ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য আলহাজ হারুন-অর-রশিদ, ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সভাপতি মাওলানা নূরুল ইসলাম আল-আমিন চৌধুরী এবং ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক মুহাম্মদ মাহবুব আলম প্রমুখ।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *