কওমি ঘরানার সাতটি ইসলামী রাজনৈতিক দল নতুন কোনো দল গঠন না করে ‘সমমনা ইসলামী দল’ নামে একটি অভিন্ন ব্যানারে একসঙ্গে রাজনৈতিক কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। একই সঙ্গে বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলোও এই ঐক্যপ্রক্রিয়ায় যুক্ত হয়ে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে একমত হয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর খিলগাঁওয়ে মাখযানুল উলুম মাদরাসায় সাত দলের লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়।
সকাল ১০টায় শুরু হওয়া বৈঠকটি চলে দুপুর দেড়টা পর্যন্ত। এ সময় দলগুলোর পারস্পরিক ঐক্য, অভিন্ন ব্যানারে কার্যক্রম পরিচালনা এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকে সিদ্ধান্ত হয়, নতুন কোনো রাজনৈতিক দল গঠন করা হবে না। বরং ‘সমমনা ইসলামী দল’ নামটিকে অভিন্ন ব্যানার হিসেবে ব্যবহার করে দলগুলো একযোগে কার্যক্রম চালাবে। তবে প্রত্যেকটি দল তাদের নিজস্ব সাংগঠনিক পরিচয় ও স্বাতন্ত্র্য বজায় রাখবে।
এ ছাড়া আগামী ৫ ডিসেম্বর পরবর্তী বৈঠক আয়োজনের বিষয়েও আলোচনা হয়েছে। বর্তমানে বিএনপি কিংবা জামায়াতে ইসলামীর সঙ্গে জোটবদ্ধ থাকা দলগুলোকে এই ঐক্যপ্রক্রিয়ায় সম্পৃক্ত করার ব্যাপারেও নেতারা একমত হন। সংশ্লিষ্ট দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন হেফাজতে ইসলামের মহাসচিব মাওলানা সাজিদুর রহমান ও যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। আরও ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এবং সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া।
এ ছাড়া খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন ও মাওলানা আহমদ আলী কাসেমি, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন এবং নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুফতি মুসা বিন ইজহার বৈঠকে অংশ নেন।
বাংলাদেশ খেলাফত আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদির ও মহাসচিব মুফতি শাখাওয়াত হোসেন রাজীসহ সংশ্লিষ্ট দলগুলোর অন্যান্য নেতারাও বৈঠকে উপস্থিত ছিলেন।
