ইউরোপের তিন দেশ ইতালি, গ্রিস ও সাইপ্রাস থেকে ৩৫ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। শুক্রবার বিশেষ একটি ফ্লাইটে তারা ঢাকায় পৌঁছান। ফেরত আসা ব্যক্তিদের মধ্যে ইতালি থেকে ১৯ জন, গ্রিস থেকে ১০ জন এবং সাইপ্রাস থেকে ছয়জন রয়েছেন।
ঢাকায় অবস্থিত ইতালি দূতাবাস এক বার্তায় জানায়, ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত ব্যবস্থাপনা সংস্থা ফ্রন্টেক্সের তত্ত্বাবধানে শুক্রবার এই প্রত্যাবাসন ফ্লাইট পরিচালনা করা হয়। এর মাধ্যমে ওই তিন দেশে থাকা বাংলাদেশি নাগরিকদের দেশে ফিরিয়ে আনা হয়েছে।
বার্তায় আরও বলা হয়, ইউরোপে অবৈধভাবে প্রবেশ ও অবস্থানের বিষয়ে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হচ্ছে। পাশাপাশি নিরাপদ, সুশৃঙ্খল ও বৈধ অভিবাসনের ওপর গুরুত্ব দিয়েছে ইতালি দূতাবাস।
দূতাবাস সতর্ক করে জানায়, যথাযথ ভিসা ছাড়া ইতালিতে যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারী, দালাল কিংবা চোরাকারবারিদের অর্থ দেওয়া বেআইনি। এ ধরনের কর্মকাণ্ডের ফলে নিজ দেশে ফেরত পাঠানোর পাশাপাশি শেনজেনভুক্ত দেশগুলোতে প্রবেশের ওপর নিষেধাজ্ঞাও আসতে পারে।
