হজযাত্রীদের যথাযথ সেবা দিতে ব্যর্থ হলে দায়িত্বে থাকার কোনো অর্থ নেই—এমন মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ। হজ মৌসুম সামনে রেখে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আকস্মিক পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে পরিদর্শনকালে ধর্মমন্ত্রী বলেন, হজযাত্রীরা আল্লাহর বিশেষ মেহমান এবং আমরা তাদের সেবক। তাদের যথাযথ খেদমত করতে না পারলে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোই উচিত। তিনি আরও উল্লেখ করেন, হজযাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান দায়িত্ব।
এ সময় মন্ত্রী হজ ফ্লাইট উদ্বোধনের প্রস্তুতি, ক্যাম্পের সামগ্রিক পরিবেশ এবং যাত্রীদের থাকা-খাওয়ার ব্যবস্থা সরেজমিনে পর্যালোচনা করেন। পাশাপাশি তিনি হজযাত্রীদের সঙ্গে কথা বলে তাদের প্রস্তুতি সম্পর্কেও খোঁজখবর নেন।
পরিদর্শনে ধর্মমন্ত্রীর সঙ্গে ছিলেন হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন। তিনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন এবং সেবার মান আরও উন্নত করার আহ্বান জানান।
উল্লেখ্য, চলতি বছরের প্রথম হজ ফ্লাইট শুক্রবার রাতেই ছেড়ে যাওয়ার কথা রয়েছে। এর আগে বৃহস্পতিবার থেকেই হজযাত্রীরা ক্যাম্পে আসা শুরু করেছেন।
ক্যাম্পে ছারপোকা ও মশার উপদ্রব নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্রঃ ইত্তেফাক
