ভারতের দিল্লির জামিয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন চালুর দাবিতে আন্দোলন এবং ক্যাম্পাসের দেয়ালে ‘ফ্রি কাশ্মীর’ ও ‘ফ্রি শারজিল ইমাম’ স্লোগান লেখাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। এরই মধ্যে শনিবার আন্দোলনকারী শিক্ষার্থী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। উদ্ভূত পরিস্থিতিতে ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ক্লাস অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
গত ১২ অক্টোবর থেকে বিশ্ববিদ্যালয়ের গালিব লনে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ছাত্র সংসদ নির্বাচনের তফসিল দ্রুত ঘোষণার দাবিতে অনির্দিষ্টকালের অনশন ও বিক্ষোভ চালিয়ে আসছেন শিক্ষার্থীরা। এর মধ্যে ক্যাম্পাসের দেয়ালে ‘ফ্রি কাশ্মীর’ স্লোগান এবং নাগরিকত্ব সংশোধনী আইনবিরোধী আন্দোলনের সময় কারাবন্দি জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) গবেষক শারজিল ইমামের মুক্তির দাবিতে পোস্টার ও স্লোগান দেখা যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সংহতি জানাতে গত শুক্রবার ক্যাম্পাসে যান কংগ্রেসের সংসদ সদস্য ইমরান মাসুদ। এ সময় দিল্লি পুলিশ তাকে আটক করে।
শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের প্রভাব পড়েছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনেও। পরিস্থিতির কারণে ১০৬তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আগামী ২৯ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠেয় ‘তালিমি মেলা ২০২৬’ বাতিল করেছে কর্তৃপক্ষ। গত ২১ অক্টোবর ডিন অব স্টুডেন্টস ওয়েলফেয়ারের প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্দোলনরত শিক্ষার্থীরা প্রশাসনের প্রস্তাবে সম্মত না হওয়া এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ ফিরে না আসায় শিক্ষার্থী ও অতিথিদের নিরাপত্তা বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ছাত্র সংসদ কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে নতুন সংবিধানের খসড়া তৈরির জন্য পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ২০০৬ সালে ছাত্র সংসদ ভেঙে দেওয়ার পর থেকে এ বিষয়ে অচলাবস্থা চলছে। তবে প্রশাসনের এ উদ্যোগ প্রত্যাখ্যান করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। তাদের দাবি, নতুন সংবিধানের খসড়া তৈরির উদ্যোগ ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার মূল দাবির সমাধান নয়।
