নির্বাচন কমিশন ঘেরাও করে দিন-রাত অবস্থানের হুঁশিয়ারি জামায়াত আমিরের

নির্বাচন ও ভোটগ্রহণে কোনো ধরনের অনিয়ম কিংবা বাড়াবাড়ি করা হলে পুরো নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে অবস্থান করার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, দেশে আর কাউকে ভোট চুরির সুযোগ দেওয়া হবে না।

শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী উত্তরের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন।

নির্বাচন কমিশনকে সতর্ক করে জামায়াত আমির বলেন, ‘এবার আমাদের স্পষ্ট ঘোষণা—বাড়াবাড়ি করলে পুরা নির্বাচন কমিশন দিন-রাত ঘেরাও করে বসে থাকব। কাউকে কোনো বাড়াবাড়ি করতে দেওয়া হবে না। আর কোনো চোরকে ভোট চুরি করতে দেওয়া যাবে না।’

জনগণের রায় নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না উল্লেখ করে তিনি বলেন, দেশ ও দেশের মানুষ কোনো রাজনৈতিক দলের কাছে ইজারা দেওয়া হয়নি। জনগণই ঠিক করবে কারা দেশ পরিচালনা করবে এবং সমাজের নেতৃত্ব দেবে।

রুকনদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, জনগণের মধ্যে জামায়াতের প্রতি আস্থা বাড়ছে। এ কারণে প্রতিটি এলাকায় দুর্বৃত্তদের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলতে হবে। আসন্ন নির্বাচনে ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়া এবং ভোট গণনা শেষে জনগণের প্রত্যাশা অনুযায়ী ফলাফল নিশ্চিত করার জন্যও তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।

সিটি করপোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, মেয়র ও কাউন্সিলর পদে কোনো দুর্বল প্রার্থী দেওয়া যাবে না। একইভাবে কোনো আসনও ফাঁকা রাখা যাবে না। প্রতিটি জায়গায় যোগ্য প্রার্থী দিয়ে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, সমাজে অবিচার কিংবা অনিয়ম ঘটলে জামায়াত নীরব দর্শকের ভূমিকা পালন করবে না। এসব ঘটনার প্রতিবাদে নিয়মতান্ত্রিকভাবে রাজপথে নামা হবে। পাশাপাশি মানুষের ভোটাধিকার রক্ষায় প্রয়োজনে শক্ত প্রতিরোধ গড়ে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *