রোহিঙ্গা গণহত্যার বিচার ঘিরে মিয়ানমারের শীর্ষ ৫ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা

সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে মিয়ানমারের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির পাঁচজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাজ্য। কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করে আইসিজের রায় দেওয়ার ঘটনা এটিই প্রথম।

ব্রিটিশ নিষেধাজ্ঞার তালিকায় থাকা মিয়ানমারের পাঁচ সামরিক কর্মকর্তা হলেন—মায়ো তুত হ্লাইং, মায়ো মিন তুন, মায়াত থেত উ, কিয়াও সোয়ে ও কিয়াও সোয়ার উ।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড এক বিবৃতিতে জানান, গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিরুদ্ধে প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে নৈতিক অবস্থানের পাশাপাশি কার্যকর পদক্ষেপ নেওয়াও জরুরি।

২০২১ সালে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় আসা মিয়ানমারের প্রেসিডেন্ট মিন অং হ্লাইংয়ের প্রসঙ্গ টেনে মিলিব্যান্ড বলেন, ২০১৭ সালে রোহিঙ্গা গণহত্যার সময় তিনি দেশটির সেনাপ্রধানের দায়িত্বে ছিলেন। ফলে ওই সময় সংঘটিত অসংখ্য নৃশংসতার জন্য তিনি সরাসরি দায়ী।

মিয়ানমারে চলমান মানবাধিকার লঙ্ঘন বন্ধের পাশাপাশি দায়ীদের তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করে শাস্তি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

এ ছাড়া মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি করতে অবিলম্বে সংঘাত বন্ধ, বেসামরিক মানুষের ওপর বিমান হামলা স্থগিত এবং রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন মিলিব্যান্ড। দেশটিতে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক সমাধানের পথ তৈরি করতে সংলাপ শুরুর আহ্বানও জানান তিনি। পাশাপাশি মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি সরবরাহ বন্ধে নতুন আইন প্রণয়নের কথা নিশ্চিত করেন।

এর আগে গত সপ্তাহে আইসিজের রায় ঘোষণার পরপরই যুক্তরাজ্য থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার করেন এড মিলিব্যান্ড। সোমবার (২৩ নভেম্বর) ব্রিটিশ সংসদ সদস্যদের তিনি জানান, চলতি সপ্তাহে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বিষয়টি উত্থাপন করবে যুক্তরাজ্য। এ নিয়ে আগামী দুই সপ্তাহের মধ্যে একটি বিশেষ বৈঠকও অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিশ্বের বিভিন্ন দেশের বিচারকদের সমন্বয়ে গঠিত আইসিজের বিচারিক প্যানেল ৯-৬ ভোটে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে রায় দেন। আদালত বলেন, উপস্থাপিত তথ্যপ্রমাণের ভিত্তিতে ‘গণহত্যার উদ্দেশ্যই একমাত্র যুক্তিসংগত সিদ্ধান্ত’। একই সঙ্গে ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশনের একাধিক ধারা লঙ্ঘনের জন্য মিয়ানমারকে দায়ী করা হয়।

রায়ে ২০১৭ সালে বাংলাদেশের সীমান্তবর্তী রাখাইন রাজ্যে মিয়ানমার সেনাবাহিনীর পরিচালিত তথাকথিত ‘শুদ্ধি অভিযান’-এর ভয়াবহ চিত্র তুলে ধরা হয়। ওই অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করা হয় এবং প্রাণ বাঁচাতে সাত লাখেরও বেশি মানুষ বাংলাদেশে আশ্রয় নিতে বাধ্য হন। অভিযানের সময় অসংখ্য গ্রাম পুড়িয়ে দেওয়ার পাশাপাশি নারী ও কিশোরীদের ওপর ব্যাপক যৌন সহিংসতা চালানো হয়। তবে মিয়ানমার কর্তৃপক্ষ বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে।

এদিকে যুক্তরাজ্যের পাশাপাশি অস্ট্রেলিয়া, বেলজিয়াম, পর্তুগাল, স্পেন ও কানাডাসহ আরও কয়েকটি দেশ আইসিজের এই ঐতিহাসিক রায়কে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *