সীমান্তের নিরাপত্তায় থার্মাল ড্রোন ও সার্চলাইট, গুরুত্বপূর্ণ এলাকায় জোরদার নজরদারি

সীমান্ত দিয়ে অবৈধ প্রবেশ প্রতিরোধ এবং সার্বিক নিরাপত্তা বজায় রাখতে নজরদারি ও টহল কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) তাদের ৫৪ কিলোমিটার সীমান্ত এলাকায় বিশেষ সতর্কতা অবলম্বন করছে। এ কাজে ব্যবহার করা হচ্ছে থার্মাল ড্রোন ও সার্চলাইট।

মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী আশিকুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সীমান্ত এলাকায় প্রয়োজনীয় সংখ্যক সদস্য মোতায়েনের পাশাপাশি টহল ও গোয়েন্দা তৎপরতা বাড়ানো হয়েছে। গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। এসব পয়েন্টে সন্দেহভাজন ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। অবৈধ চলাচল ও অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় সার্বক্ষণিক মোবাইল টহলও পরিচালনা করা হচ্ছে।

বিশেষ করে রাতের বেলায় অন্ধকারাচ্ছন্ন সীমান্ত এলাকায় নজরদারি বাড়াতে সার্চলাইট ও থার্মাল ড্রোনের সহায়তা নেওয়া হচ্ছে। সীমান্তের নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় বাসিন্দাদেরও সম্পৃক্ত করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বয় রেখে তথ্য সংগ্রহ এবং নজরদারি কার্যক্রম চালানো হচ্ছে। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় সীমান্তের বর্ডার অবজারভেশন পোস্ট (বিওপি) ও ব্যাটালিয়নের সব সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *