দেশের আবাসন খাতে বিভিন্ন পক্ষের পারস্পরিক যোগসাজশে প্রতারণার ঘটনা ঘটছে বলে অভিযোগ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। সংস্থাটির মতে, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে আবাসনের চাহিদা বাড়লেও এ সুযোগে রিয়েল এস্টেট ব্যবসায়ীদের প্রভাব ও দৌরাত্ম্য ক্রমেই বাড়ছে। এমনকি নিজেদের মালিকানাধীন গণমাধ্যমকেও তারা নিজেদের স্বার্থ রক্ষায় প্রভাব বিস্তারের হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন।
বুধবার সকালে রাজধানীর ধানমন্ডিতে অবস্থিত মাইডাস সেন্টারে টিআইবির প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আবাসন খাতের সঙ্গে জড়িত রিহ্যাব, রাজউকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় গড়ে তোলা জরুরি। এতে কোনো অভিযোগ উত্থাপিত হলে দ্রুত তার সমাধান করা সম্ভব হবে।
তিনি আরও বলেন, রাজউকের কার্যক্রমে সুশাসন ও জবাবদিহির ঘাটতি রয়েছে। প্রতিষ্ঠানটির কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করা গেলে আবাসন খাতে দুর্নীতি কমিয়ে আনা সম্ভব।
আবাসন খাতে সুশাসন প্রতিষ্ঠায় টিআইবির সুপারিশে বলা হয়েছে, বেসরকারি আবাসন খাতের জন্য সমন্বিত আইনগত, প্রাতিষ্ঠানিক ও প্রশাসনিক সংস্কার কার্যক্রম নিতে হবে। বিদ্যমান আইন ও বিধিমালা সংশোধনের মাধ্যমে ক্রেতা, ভূমির মালিক এবং ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর অধিকার নিশ্চিত করতে হবে। পাশাপাশি ন্যায্য ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা এবং পরিবেশ ও কৃষিজমি রক্ষাকে বিশেষ গুরুত্ব দিতে হবে।
প্রকল্পের অনুমোদন, ভূমি উন্নয়ন ও আবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা, দক্ষতা এবং সমন্বয় বাড়ানোরও সুপারিশ করেছে সংস্থাটি। এ জন্য রাজউকের নেতৃত্বে সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় ব্যবস্থা গড়ে তোলা, তথ্যপ্রযুক্তিনির্ভর নজরদারি চালু, জিআইএসভিত্তিক তথ্য ব্যবস্থাপনা এবং পরিবেশগত ও সামাজিক প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে।
এ ছাড়া আবাসন খাতে জবাবদিহি ও ভোক্তাদের অধিকার সুরক্ষায় প্রকল্পের যাবতীয় তথ্য নিয়মিত প্রকাশ, বাধ্যতামূলক আর্থিক ও প্রাতিষ্ঠানিক নিরীক্ষা, কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা এবং স্বাধীন বিরোধ নিষ্পত্তি কাঠামো গঠনের ওপর গুরুত্ব দিয়েছে টিআইবি।
সংস্থাটির সুপারিশে আরও বলা হয়, অনিয়ম ও দুর্নীতি ঠেকাতে অবৈধ আবাসন প্রকল্প, জলাশয় ও জমি দখল, অনুমোদনহীন বিজ্ঞাপন, নিয়মবহির্ভূত আর্থিক লেনদেন এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে। সব ধরনের আর্থিক লেনদেন আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন করার পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি ও বেসরকারি ব্যক্তি এবং প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করতে হবে।
