দৌলতদিয়ায় নদীতে বাস ডুবে যাওয়ায় বিএনপি মহাসচিবের শোক প্রকাশ

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় যাত্রীবাহী একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার (২৫ মার্চ) রাতে বিএনপির এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে তিনি বলেন, দৌলতদিয়া ঘাটে অর্ধশত যাত্রী নিয়ে একটি বাস পদ্মা নদীতে পড়ে যাওয়ার ঘটনা এবং এখনো অধিকাংশ যাত্রীর সন্ধান না পাওয়া—এটি সারা দেশে উদ্বেগ সৃষ্টি করেছে। এতে বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবহেলা ও অসতর্কতার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটছে। আগে থেকেই যথাযথ সতর্কতা নেওয়া হলে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকটাই এড়ানো সম্ভব ছিল।

নদীতে পড়ে যাওয়া যাত্রীদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান বিএনপি মহাসচিব। একই সঙ্গে তিনি এ দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে, বুধবার বিকেলে দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় প্রায় অর্ধশত যাত্রী বহনকারী একটি বাস নদীতে পড়ে যায়। কয়েকজন যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও অধিকাংশ এখনো নিখোঁজ রয়েছে। ইতোমধ্যে কয়েকটি মরদেহ উদ্ধার করা হয়েছে।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *