হাসনাত আবদুল্লার হস্তক্ষেপে সুসংবাদ জানালো নবীন ফ্যাশন।

বিভিন্ন বিতর্ক ও অনিশ্চয়তার পর আবারও ব্যবসায় ফিরছে নবীন ফ্যাশন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, মগবাজার শাখা ছাড়া দেশের বেশিরভাগ আউটলেট পুনরায় চালু করে ঈদ-পরবর্তী বিশেষ আয়োজন শুরু করা হবে।

বুধবার (২৫ মার্চ) দুপুরে ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, ঈদের আগের দিন মগবাজার শাখা জোরপূর্বক বন্ধ করে দেওয়ায় এবারের ঈদ উৎসব ১৫ দিন ধরে চলবে।

পোস্টে আরও উল্লেখ করা হয়, সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর হস্তক্ষেপে মগবাজার শাখা বাদে অন্যান্য শাখাগুলো পুনরায় চালু করা সম্ভব হয়েছে। একই সঙ্গে আকর্ষণীয় অফার নিয়ে প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক চীন থেকে ফেসবুক লাইভে এসে ঈদ উপলক্ষে বিশেষ বার্তা দেবেন।

এদিকে, মঙ্গলবার আলোচনার কেন্দ্রে থাকা নবীন ফ্যাশনের মালিক এনামুল হাসান নবীন ঢাকা ছেড়ে গেছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘সিংহের মতো বাঁচতে চাই, কিন্তু সিন্ডিকেটের চাপে সন্তানদের ঝুঁকিতে ফেলতে চাই না। তাই আপাতত দেশ ছাড়ছি, পরিস্থিতি স্বাভাবিক হলে আবার ফিরব।’

এর আগে রাজধানীর মগবাজারে এক সংবাদ সম্মেলনে তিনি দেশ ছাড়ার ঘোষণা দেন। সেখানে তিনি বলেন, ন্যায্যমূল্যে পণ্য বিক্রিই তাদের লক্ষ্য। তবে এ কারণে বাধার সম্মুখীন হতে হলে ব্যবসা বন্ধ করে প্রবাসে ফিরে যাওয়ার কথাও ভাবছেন।

উল্লেখ্য, গত ২০ মার্চ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কম দামে পাঞ্জাবি বিক্রির অভিযোগে মগবাজারে নবীন ফ্যাশনের দোকান বন্ধ করে দেয় আশপাশের ব্যবসায়ীরা। তারা অভিযোগ করেন, অস্বাভাবিক কম দামে পণ্য বিক্রি বাজারে ভারসাম্য নষ্ট করছে।

সূত্রঃ ইত্তেফাক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *