গণভোটে রঙিন ব্যালট ব্যবহারের পাশাপাশি পোস্টাল ভোটের ব্যবস্থাও থাকবে।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, চারটি বিষয়ের ওপর একটি একক প্রশ্নে গণভোট আয়োজন করা হবে এবং এ জন্য ব্যবহৃত ব্যালট পেপার হবে আলাদা ও রঙিন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান। সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব আখতার আহমেদ এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

আসিফ নজরুল জানান, গণভোট পরিচালনার পূর্ণাঙ্গ প্রক্রিয়া উল্লেখ করে গণভোট অধ্যাদেশ চূড়ান্ত অনুমোদন পেয়েছে। আজ অথবা আগামীকালই এটি গেজেট আকারে প্রকাশিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গণভোটে মাত্র একটি প্রশ্ন থাকবে—জুলাই জাতীয় সনদ আদেশ ও সংবিধান সংশোধন সংক্রান্ত প্রস্তাবে ভোটার সম্মতি দেন কি না। ব্যালটে ‘হ্যাঁ’ ও ‘না’ দুইটি ঘর থাকবে, যেখানে সম্মত হলে ‘হ্যাঁ’ এবং অসম্মত হলে ‘না’ চিহ্নিত করতে হবে।

আইন উপদেষ্টা আরও বলেন, জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার থেকে গণভোটের ব্যালট আলাদা রাখা হবে এবং ভোটারদের বিভ্রান্তি এড়াতে গণভোটের ব্যালট রঙিন করা হয়েছে। সাধারণত সংসদ নির্বাচনে সাদাকালো ব্যালট ব্যবহৃত হয়।

তিনি জানান, সংসদ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা, সহকারী রিটার্নিং কর্মকর্তা, প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তারাই গণভোটে একই দায়িত্ব পালন করবেন। গণভোটেও পোস্টাল ব্যালটের সুবিধা রাখা হয়েছে।

এর আগে মঙ্গলবার সকাল ১১টায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে গণভোট অধ্যাদেশ-২০২৫–এর খসড়া নীতিমালা অনুমোদন করা হয়।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *