সরকারি সিদ্ধান্তে বাধ্যতামূলক অবসরে ৫ সচিব

পাঁচ সচিব ও এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিল অন্তর্বর্তীকালীন সরকার

সরকারি চাকরি আইন ২০০৮-এর ৪৫ নম্বর ধারা অনুযায়ী পাঁচজন সচিব এবং একজন গ্রেড-১ কর্মকর্তা বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার। জনস্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনগুলোতে উল্লেখ করা হয়েছে।

বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত পাঁচ সচিব হলেন—

  • বাংলাদেশ কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক কাজী এনামুল হাসান,
  • জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমির মহাপরিচালক সুকেশ কুমার সরকার,
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাহ উদ্দিন,
  • ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান মুহম্মদ ইব্রাহিম এবং
  • জাতীয় উন্নয়ন প্রশাসন অ্যাকাডেমির রেক্টর ড. মো. সহিদ উল্যাহ।

এছাড়া আলাদা একটি প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান (গ্রেড-১) ড. লিপিকা ভদ্রকেও একইভাবে অবসর দেওয়া হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১৯ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে ছয়টি পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, অবসরে যাওয়া কর্মকর্তারা সকলেই ২৫ বছরের বেশি সময় সরকারি চাকরিতে কর্মরত ছিলেন। সরকার জনস্বার্থে তাঁদের অবসর প্রয়োজন মনে করায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তারা বিধি অনুযায়ী সব অবসর-সুবিধা পাবেন।

উল্লেখযোগ্য যে, আইনের আওতায় সরকার ২৫ বছর পূর্ণ হওয়া যেকোনো কর্মকর্তাকে অবসর নিতে বাধ্য করতে পারে, তবে এ ধরনের সিদ্ধান্তের পেছনে সুনির্দিষ্ট কারণ সাধারণত প্রকাশ করা হয় না।

সূত্রঃ একুশে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *