উপদেষ্টা আসিফ ও মাহফুজ তাদের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্র প্রতিনিধি হিসেবে থাকা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

সরকারের দায়িত্বশীল সূত্র জানিয়েছে, বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে তারা তাদের পদত্যাগপত্র জমা দেন।

জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া ছাত্রদের পক্ষ থেকে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাহফুজ আলম ও আসিফ মাহমুদ। মাহফুজ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, আর আসিফ মাহমুদ দায়িত্ব সামলাচ্ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের।

আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৮ আগস্ট মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে মোট ২৩ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠিত হয়। তাদের মধ্যে দুই ছাত্র প্রতিনিধি এখন পদত্যাগ করলেন।

সরকারি সূত্র বলছে, মঙ্গলবার যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে উপদেষ্টা পরিষদের জ্যেষ্ঠ সদস্যদের বৈঠকে দুই উপদেষ্টার পদত্যাগের বিষয়টি আলোচনায় আসে। পরে সন্ধ্যায় নিশ্চিত হওয়া যায়, আসিফ মাহমুদ বুধবারই পদত্যাগ করছেন।

অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে গত সেপ্টেম্বরের মাঝামাঝি দুই উপদেষ্টাকে পদ ছাড়ার পরামর্শ দেওয়া হয়েছিল। তবে তারা আরও সময় চান। মাহফুজ তখন সরকারের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত দায়িত্বে থাকতে আগ্রহী ছিলেন এবং নির্বাচনে অংশ নেবেন না বলেও জানান।

এরপর গত মাসের মাঝামাঝি আবারও তাদের প্রতি পদত্যাগের চাপ বাড়ানো হয় বলে জানা গেছে।

সরকার-সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রের মতে, নির্বাচনী তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধিদের উপদেষ্টা পরিষদে থাকা যথাযথ হবে না—এ বিষয়ে প্রায় সবাই একমত ছিলেন। তারা নির্বাচন করুন বা না করুন, পদত্যাগ করা প্রয়োজন— এমন অবস্থান উচ্চপর্যায়েও ছিল।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারে জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তিন ছাত্র নেতা উপদেষ্টা হিসেবে সুযোগ পান। তাদের মধ্যে নাহিদ ইসলাম তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পান। আসিফ মাহমুদ প্রথমে শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন, পরে স্থানীয় সরকারের দায়িত্ব পান। আর মাহফুজ আলম শুরুতে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে উপদেষ্টা পদমর্যাদায় কাজ শুরু করেন।

সূত্রঃ কালবেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *