সিরাজগঞ্জে তিনজন নিহতের ঘটনায় হাসিনা-কাদেরসহ ৫৪৯ জনের বিরুদ্ধে চার্জশিট
সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিতে তিন ছাত্র-জনতা নিহত হওয়ার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৫৪৯ নেতাকর্মীর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
সোমবার (১০ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ আদালত পরিদর্শক মো. রওশন ইয়াজদানি।
তিনি জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে নিহত তিনজনকে নিয়ে দায়ের করা তিনটি হত্যা মামলার তদন্ত শেষে চার্জশিট আদালতে জমা দেওয়া হয়েছে। তবে এখনো ম্যাজিস্ট্রেট সেটি গ্রহণ করেননি। আসামিদের জামিন আবেদন শুনানির জন্য চার্জশিট বর্তমানে জজ আদালতে রয়েছে।
চার্জশিটে আরও যেসব আসামির নাম রয়েছে, তাদের মধ্যে আছেন সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, জান্নাত আরা হেনরী, সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবীর বিন আনোয়ার, সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান শামীম তালুকদার লাবু, জেলা আওয়ামী লীগের সভাপতি হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ তালুকদার, সাবেক পিপি অ্যাডভোকেট আব্দুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, সাবেক পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, পৌর আওয়ামী লীগের সভাপতি সাংবাদিক হেলাল উদ্দিন, সাধারণ সম্পাদক সেলিম আহম্মেদ, জেলা যুবলীগের সাবেক সভাপতি রাশেদ ইউসুফ জুয়েল, সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক, ছাত্রলীগের সাবেক সভাপতি আহসান হাবিব খোকা, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন আহমেদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকিরুল ইসলাম লিমন ও যুবলীগ নেতা আবু মুছা।
ঘটনার পটভূমি
গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সিরাজগঞ্জ বাজার স্টেশন থেকে ছাত্র-জনতার একটি মিছিল শহরের এস এস সড়ক দিয়ে অগ্রসর হলে আসামিপক্ষের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে গুলি চালায় বলে অভিযোগ। এতে জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহানুর রহমান খান রঞ্জু, বিএনপি কর্মী আব্দুল লতিফ ও ছাত্রদল কর্মী সুমন শেখ গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
ঘটনার পর নিহতদের স্বজনেরা পৃথক তিনটি হত্যা মামলা দায়ের করেন। মামলাগুলোতে মোট প্রায় ৪৫০ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাত আরও শতাধিককে আসামি করা হয়।
তদন্ত ও চার্জশিট
তদন্ত শেষে পুলিশ শেখ হাসিনা ও ওবায়দুল কাদেরকে ‘হুকুমের আসামি’ হিসেবে অন্তর্ভুক্ত করে রঞ্জু হত্যায় ১৯৫ জন, সুমন হত্যায় ১৭৬ জন এবং লতিফ হত্যায় ১৭৮ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।
সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাজরান রউফ বলেন, তদন্ত শেষে গত বুধবার আদালতে চার্জশিট জমা দেওয়া হয়েছে। তবে বিচারক এখনো সেটি সই করেননি বলে জেনেছি।
সূত্রঃ কালবেলা
