ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিএনপি ও দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দুপুর একটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান বলে জানিয়েছে বিবিসি।
পোস্টে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়ে আগাম রমজানের শুভকামনা জানান। তিনি লেখেন, বাংলাদেশের এ বিপুল জয়ের জন্য “আমার তারেক ভাই”, তার দল এবং সংশ্লিষ্ট অন্যান্য দলকে অভিনন্দন। পাশাপাশি সবার মঙ্গল ও সুখ কামনা করেন তিনি। দুই বাংলার মধ্যে সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশাও ব্যক্ত করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী।
এর আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তারেক রহমানকে শুভেচ্ছা জানান। এক্সে দেওয়া বার্তায় তিনি বিএনপিকে জাতীয় সংসদ নির্বাচনে সুস্পষ্ট জয়ের পথে নেতৃত্ব দেওয়ার জন্য তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন জানান। মোদি বলেন, এ বিজয় বাংলাদেশের জনগণের আস্থারই প্রতিফলন। তিনি আরও উল্লেখ করেন, ভারত গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে থাকবে এবং নতুন সরকারের সঙ্গে কাজ করে দুই দেশের বহুমাত্রিক সম্পর্ক আরও জোরদার ও অভিন্ন উন্নয়ন লক্ষ্যমাত্রা এগিয়ে নিতে আগ্রহী।
সূত্রঃ ইত্তেফাক
