দিল্লির সাউথ অ্যাভিনিউয়ে ভোট চুরির অভিযোগ তুলে ধর্নায় বসার পর পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করেছে পুলিশ। শনিবার দুপুরে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের নেতারা ওই কর্মসূচিতে অংশ নেন।
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলমান বিক্ষোভকে কেন্দ্র করে দিল্লিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মীদের আটকের খবর পাওয়া গেছে। সর্বভারতীয় ছাত্র সমিতির (এআইএসএ) সভাপতি নেহা বোরাকেও আটক করা হয়েছে বলে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে।
এআইএসএর দাবি, নেহা বোরাকে একটি পুলিশ বাসে রাখা হয়। পরে বিক্ষোভকারীরা বাসটি ঘিরে ধরেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সংগঠনটি জানায়, দিল্লিতে কঠোর নিরাপত্তাব্যবস্থার কারণে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার বিরুদ্ধে তাদের নির্ধারিত বিক্ষোভস্থল পরিবর্তন করা হয়েছে। যন্তর মন্তরের পরিবর্তে দিল্লি হাটে কর্মসূচি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়।
অন্যদিকে, আম আদমি পার্টির (আপ) নেতা মানিশ সিসোদিয়াকে চণ্ডীগড়ে আটক করা হয়েছে বলে অভিযোগ করেছে দলটি। শনিবার এক্সে প্রকাশিত এক পোস্টে এ দাবি জানিয়ে আটকের দৃশ্যের ভিডিও ও ছবি প্রকাশ করে আপ। তবে এ বিষয়ে পুলিশের বক্তব্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।
আপের পোস্টে দাবি করা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভিন্নমতের কণ্ঠস্বর দমন করতে পারবেন না। একই পোস্টে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে উদ্দেশ করে কড়া বক্তব্যও দেওয়া হয়।
এদিকে, সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকসহ দলটির নেতাদের আটকের ঘটনায় নিন্দা জানিয়েছেন ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি—শরদচন্দ্র পাওয়ার (এনসিপি-এসসিপি) দলের সংসদ সদস্য সুপ্রিয়া সুলে।
