প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, শেখ হাসিনা যত দিন জীবিত থাকবেন, তত দিনই দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা অব্যাহত থাকতে পারে। তবে সরকারের পক্ষ থেকে এ ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে বলেও জানিয়েছেন তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর এ উপদেষ্টা।
জাহেদ উর রহমান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা শুধু এখন কিংবা ডিসেম্বর মাস পর্যন্ত সীমাবদ্ধ থাকবে না। ডিসেম্বরের পরও বিভিন্ন সময়ে এ ধরনের পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা হতে পারে।
ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার পরিবেশ তৈরি করতেই এসব অস্থিরতা সৃষ্টি করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘উনাকে (শেখ হাসিনা) হাজার হাজার লাখ লাখ লোক নিয়ে পালিয়ে যেতে হয়েছে। উনি যত দিন বেঁচে আছেন, উনার এই চেষ্টা চলবে বলে আমরা মনে করি। সরকার এই অপচেষ্টা প্রতিহত করবে।’
এদিকে শ্রমিকদের ন্যায্য দাবির বিষয়টি গুরুত্ব দিয়ে নির্ধারিত সময়ের আগেই নতুন মজুরি বোর্ড গঠন করা হয়েছে উল্লেখ করে শ্রমিকদের আন্দোলন থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন তথ্য উপদেষ্টা।
তিনি জানান, সাধারণত পাঁচ বছর পরপর পোশাকশ্রমিকদের মজুরি পর্যালোচনা করা হয়। ২০০৬, ২০১০, ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে শ্রমিকদের মজুরি পুনর্নির্ধারণ করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় ২০২৩ সালের পর ২০২৬ সালে নতুন মজুরি বোর্ড গঠনের কথা ছিল না।
তবে জীবনযাত্রার ব্যয়, মূল্যস্ফীতি ও জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়গুলো বিবেচনায় নিয়ে সরকার সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি থেকে আগাম মজুরি বোর্ড গঠন করেছে বলে জানান তিনি।
তথ্য উপদেষ্টা আরও বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে এসব ঘটনার সঙ্গে সীমান্তের ওপারের সংশ্লিষ্টতার কথা জানিয়েছেন। তাঁর মতে, আওয়ামী লীগের রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার সক্ষমতা না থাকলেও দলটির হাতে থাকা বিপুল অর্থ ব্যবহার করে বিভিন্ন স্থানে নাশকতা চালানোর চেষ্টা থাকতে পারে।
