বিএনপিকে শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনূস ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপিকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। পাশাপাশি তার প্রতিদ্বন্দ্বী ও নির্বাচিত বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিবকেও অভিনন্দন ও ধন্যবাদ জানিয়েছেন সাবেক এনসিপি নেত্রী।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান। তিনি উল্লেখ করেন, ফল প্রকাশের রাতেই ফোন করে হাবিবুর রশিদকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, ঢাকা-৯ আসনে বেসরকারি ফলাফলে পরাজিত হয়েছেন তাসনিম জারা। ফুটবল প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি পেয়েছেন ৪৪ হাজার ৬৮৪ ভোট। অন্যদিকে ধানের শীষ প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করা বিএনপি প্রার্থী হাবিবুর রশিদ হাবিব পেয়েছেন এক লাখ ১১ হাজার ২১২ ভোট, যা জারার চেয়ে ৬৬ হাজার ৫২৮ ভোট বেশি। এ আসনে তাসনিম জারা তৃতীয় অবস্থানে রয়েছেন।

পোস্টে তাসনিম জারা দেশের জটিল পরিস্থিতির মধ্যেও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনের জন্য অধ্যাপক ইউনূস ও নির্বাচন কমিশনের প্রতি কৃতজ্ঞতা জানান।

এ ছাড়া তিনি স্পষ্ট করেন, নির্বাচন শেষে তিনি যুক্তরাজ্যে ফিরে যাচ্ছেন না। তার ভাষায়, অনেকেই মনে করছেন ভোট শেষ হলেই তিনি দেশ ছাড়বেন, কিন্তু তিনি কোথাও যাচ্ছেন না। তার শেকড় এ দেশেই, কাজও এখানেই। একটি নির্বাচনকে কেন্দ্র করে নয়, বরং রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তনের দীর্ঘ লক্ষ্য নিয়েই তাদের পথচলা শুরু হয়েছে—এ পথচলায় সবার সঙ্গ পাওয়াকে তিনি সম্মানের বলে উল্লেখ করেন।

সূত্রঃ আমার দেশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *