আগারগাঁওয়ে সরছে সচিবালয়, চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে মন্ত্রিসভার পরবর্তী বৈঠকে

বর্তমান সরকারের মেয়াদেই রাজধানীর আগারগাঁওয়ে পুরোনো বাণিজ্যমেলার মাঠে বাংলাদেশ সচিবালয় স্থানান্তরের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী মন্ত্রিসভার বৈঠকে আসতে পারে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সচিবালয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নির্বাহী প্রকৌশলীদের লটারির মাধ্যমে বদলি ও পদায়ন নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

সংবাদ সম্মেলনে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মন্ত্রী জানান, সচিবালয়ে জায়গার সংকট নিরসনে বর্তমান প্রাঙ্গণে নতুন করে ২১ তলা ভবন নির্মাণের প্রস্তাব প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছিল গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। তবে সেই প্রস্তাবে সম্মতি না দিয়ে আগারগাঁওয়ের পুরোনো বাণিজ্যমেলার মাঠে নতুন সচিবালয় নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

এরপর গত চার মাস ধরে এ বিষয়ে পরিকল্পনা ও বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়। সেই প্রক্রিয়া শেষে মঙ্গলবার সচিবালয় আগারগাঁওয়ে স্থানান্তরের পরিকল্পনার কথা জানান গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের।

তিনি বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় প্রস্তাব প্রস্তুত করা হয়েছে। আগামী মন্ত্রিসভার বৈঠকে সচিবালয় স্থানান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *